লিয়াকত আলী লাকীকে ভূপেন হাজারিকা সম্মাননা দেওয়া হচ্ছে

নাগরিক নিবন্ধন তালিকা নিয়ে বিতর্কের মধ্যেই বাংলাদেশের শিল্পীকে সম্মান জানাতে চলেছে ভারতের আসাম রাজ্য। ৮ সেপ্টেম্বর প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ৯২তম জন্মদিনে বাংলাদেশের নাট্য শিল্পী শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে এই সম্মাননা জানাবে সামাজিক সংস্থা ‘ব্যতিক্রম’।
আসামে ৪০ লাখের বেশি মানুষের নাম নিবন্ধন তালিকা থেকে বাদ পড়াকে কেন্দ্র করে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। যাঁদের বাদ দেওয়া হয়েছে, তাঁদের ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে দাবি করছে রাজ্য সরকার। এমন এক সময়ে বাংলাদেশি কোনো শিল্পীকে সম্মান জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
এর আগে ‘ব্যতিক্রম’ বাংলাদেশের গবেষক মেজর এ এস এম সামসুল আরিফিনকে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মান’ দিয়েছে।
ব্যতিক্রম-এর প্রধান সৌমেন ভারতিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মৈত্রী আরও সুদৃঢ় হোক। রাজনৈতিক কোনো বিতর্কে না জড়িয়ে মানুষের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক চাই আমরা। সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য।’ তিনি আরও বলেন, ভূপেন হাজারিকা একবার লিয়াকত আলী লাকীর গান শুনে বলেছিলেন, তুমি তো ‘বাংলাদেশের ভূপেন হাজারিকা’! এমন মহান শিল্পীকে সম্মান জানাতে পেরে ‘ব্যতিক্রম’ গর্বিত। কারণ ভূপেন হাজারিকার গানকে বাংলাদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে লিয়াকত আলীরও বিশেষ অবদান রয়েছে।
সৌমেন জানান, ৮ সেপ্টেম্বর ভূপেন হাজারিকার জন্মদিনে গৌহাটির মালিগাঁওয়ে কর্মশ্রী হিতেশ্বর শইকিয়া প্রেক্ষাগৃহে লিয়াকত আলী লাকীর হাতে ‘ভূপেন হাজারিকা ব্যতিক্রম আন্তর্জাতিক সম্মান’ তুলে দেওয়া হবে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লিয়াকত আলী লাকীর গান ও অবদানকে সম্মান জানিয়েছেন প্রয়াত সংগীতশিল্পীর ভ্রাতৃবধূ আসামের সংগীতশিল্পী মনীষা হাজারিকা।
মনীষা হাজারিকা জানান, তাঁরা এবার মুম্বাইয়েও ভূপেন জয়ন্তীর আয়োজন করেছেন। তিনি বলেন, ‘দাদা ছিলেন বিশ্ব নাগরিক। বাংলাদেশ, কলকাতা, বম্বে থেকে শুরু করে সর্বত্রই ছিল তাঁর অবাধ বিচরণ। জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে ছিলেন তিনি। তাই প্রতিবছরই নতুন নতুন জায়গায় জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভূপেন হাজারিকার নিজ হাতে গড়া ‘অছি পরিষদ’ গত বছর কলকাতায় তাঁর জন্মদিন পালন করে। এর আগের বছর বাংলাদেশের ঢাকায় পালিত হয় ভূপেন জয়ন্তী।