লুটের ধান্দা করে ফক্কা!
ট্রাক ভর্তি স্যামসাংয়ের এস ৬ মডেলের মুঠোফোন রয়েছে-এমনটি ভেবেছিল চারজন। ভেবেছিল ট্রাকটি ছিনিয়ে নিয়ে মোটা অঙ্কের দাঁ মারা যাবে। কিন্তু বিধি বাম। ছিনতাইয়ের পর ট্রাকে পাওয়া গেল অন্য জিনিস, যা তারা কাজে লাগাতে পারল না। বরং ধরা পড়তে হলো পুলিশের হাতে।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ট্রাকটির ভেতরে ছিল মোবাইলে ফোনেব মাদারবোর্ড আর ইন্টিগ্রেটেড সার্কিট। সেগুলোর মূল্য ভারতীয় মুদ্রায় রুপিতে ২৬ দশমিক এক কোটি রুপি।
ছিনতাই হওয়া গাড়ির চালক ঘনশ্যাম সিংয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, মালামাল পরিবহনের কাজে নিয়োজিত এ টু জেড নামের কোম্পানি স্যামসাংয়ের মালামাল বহনের কাজ করত। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে মালামাল নিয়ে ওই কোম্পানির আরেকটি ট্রাকের সঙ্গে নদীয়ায় কোম্পানির গুদামে যাওয়ার উদ্দেশে রওনা হন তাঁরা। রাতে কালিন্দি কুঞ্জ এলাকায় ট্রাকটি পৌঁছালে একটি সাদা স্যান্টো গাড়ি ট্রাকটির গতিরোধ করে। বিপদ টের পেয়ে ঘনশ্যাম গাড়ি রেখে পালানোর চেষ্টা করলে দুই ছিনতাইকারী তাঁকে ধরে মারধর করে। এরপর তারা ট্রাকটি উত্তর প্রদেশের দিকে চালাতে থাকেন। একটু পর ঘনশ্যামকে ট্রাক থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়।
শিগগিরিই দ্বিতীয় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ট্রাকের চালকের মুঠোফোনের মাধ্যমে ঘনশ্যাম ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দ্বিতীয় ট্রাকচালকের আচরণে সন্দেহ হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দ্বিতীয় ট্রাকের চালক সুভাষ পুলিশের কাছে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাঁর মুঠোফোনের কলের সূত্র ধরেই উত্তর প্রদেশের ইতাহ থেকে তিন ছিনতাইকারীসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুভাষ জানান, ট্রাকটিতে নতুন মডেলের স্যামসাং ফোন রয়েছে, যা শিগগিরই বাজারে ছাড়া হবে-এমনটি ভেবে তাঁরা ট্রাকটি ছিনতাই করেন।
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, এসব মালামাল খোয়া গেলে স্যামসাং কোম্পানির প্রায় ২০০ কোটি রুপি লোকসান হতো।