লোকসভায় নাগরিকত্ব আইন সংশোধনী বিল পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শাসক দল বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নাগরিকত্ব আইন সংশোধনী বিল পেশ করল। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় এই বিল পেশ করে বলেন, এই আইন সংশোধিত হলে প্রতিবেশী দেশগুলো থেকে চলে আসা সংখ্যালঘুরা সাত বছর ভারতে থাকলেই নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। প্রচলিত আইনে এ জন্য ১২ বছর অপেক্ষা করতে হয়।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে বেশ কয়েক বছর ধরে বহু হিন্দু, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সিরা ভারতে চলে এসেছেন। এঁদের অধিকাংশই এসেছেন অত্যাচারিত হয়ে, প্রাণভয়ে। দেশের বিভিন্ন রাজ্যে তাঁরা রয়েছেন। গত লোকসভার নির্বাচনী প্রচারে বিজেপি এই দেশ ছেড়ে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধনী বিল পেশ করা হয়।

রাজনাথ সিং বলেন, নাগরিকত্বের দাবিদার এই মানুষদের অধিকাংশই তাঁদের একদা ভারতীয় বংশোদ্ভূত পরিচয় দাখিল করতে পারেননি। ফলে নাগরিকত্ব পেতে বর্তমান আইন অনুযায়ী তাঁদের ১২ বছর অপেক্ষা করতে হতো। এর ফলে এসব মানুষের দুর্গতির শেষ নেই। নাগরিক সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছিলেন। এ অবস্থার সুরাহার জন্য নতুন সংশোধনী। এই সংশোধনীর ফলে সাত বছরের মধ্যেই এই সংখ্যালঘুরা নাগরিকত্ব অর্জন করতে পারবেন।

লোকসভা ভোটের নির্বাচনী ইশতেহারেও বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। বলা হয়েছিল, এই দেশগুলো থেকে যে সংখ্যালঘুরা বিতাড়িত হচ্ছেন, ভারত তাঁদের আশ্রয় দেবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বিভিন্ন জনসভায় বলেছিলেন, এই দেশগুলোতে যেসব হিন্দু বা ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা ভারতেই নিরাপদ আশ্রয় খুঁজবেন। তাঁদের আশ্রয় দেওয়া সব ভারতবাসীর কর্তব্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে নাগরিকত্ব পেতে আগ্রহী সংখ্যালঘুদের সংখ্যা দুই লাখের মতো। সরকার ১৫ আগস্টের মধ্যে এঁদের নাগরিকত্ব দিতে আগ্রহী।