লোকসভায় রাহুলের রুদ্রমূর্তি
গত ১০ বছরে যা করেননি, বিরোধী সদস্য হিসেবে বুধবার সেই কাজই করলেন লোকসভার কংগ্রেস সদস্য ও দলের সহসভাপতি রাহুল গান্ধী। সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে তিনি সদলে লোকসভার ‘ওয়েল’-এ নেমে এলেন এবং স্পিকারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ আনলেন। কংগ্রেসের এই হুলুস্থুলকাণ্ডে গতকাল বুধবার দুবার লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়।
লোকসভায় রাহুলের এই আগ্রাসী ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিজেপির ধারণা, গান্ধী পরিবারের অভ্যন্তরীণ সমস্যা রাহুলকে হঠাৎ আগ্রাসী করে তুলেছে।
উত্তর প্রদেশসহ গো বলয়ের বেশ কিছু রাজ্যে সম্প্রতি সাম্প্রদায়িক অশান্তি বেড়ে গেছে। এই সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনার দাবিতে কংগ্রেস গতকাল সকালে লোকসভার প্রশ্নোত্তর পর্ব বাতিল করে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দেয়। বেলা ১১টায় সভা শুরু হলে কংগ্রেস সদস্যরা মুলতবি প্রস্তাব গ্রাহ্য করতে চাপ দেন। স্পিকার সুমিত্রা মহাজন তা গ্রাহ্য না করে সভার কাজ চালাতে থাকেন। তাতে ক্ষুব্ধ কংগ্রেসিরা সভার ওয়েলে নেমে আসেন। কয়েক মিনিট পর রাহুল অধিবেশনে ঢুকে মা সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। স্পিকার একপেশে ও পক্ষপাতপূর্ণ বলে কারও কারও গলা শোনা যায়। তাঁদের সঙ্গে ওয়েলে নামেন রাষ্ট্রীয় জনতা পার্টি ও সমাজবাদী পার্টির সদস্যরাও। তৃণমূল কংগ্রেস সদস্যরা মুলতবি প্রস্তাবের পক্ষে থাকলেও তাঁরা ওয়েলে নামেননি। সোনিয়াকে তৃণমূল সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁদেরও তিনি ওয়েলে যেতে অনুরোধ করেন। পরে কল্যাণ জানান, সোনিয়াকে তাঁরা বলেছেন, এ ধরনের চটজলদি সিদ্ধান্ত তাঁরা নিতে পারেন না।
স্পিকার কিছুক্ষণ পর অধিবেশন মুলতবি করেন। দুপুর ১২টায় আবার অধিবেশন শুরু হলে একই ঘটনা ঘটে। আবারও অধিবেশন মুলতবি হয়ে যায়। পরে কংগ্রেসের সঙ্গে কথা বলে সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্পিকার রাজি হলে বেলা দুইটায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাহুল হঠাৎ কেন ওয়েলে নেমে এলেন এবং সোনিয়া কেন তাঁকে উৎসাহিত করলেন, এটাই এখন আলোচ্য বিষয়। রাজ্যসভার নেতা অর্থমন্ত্রী অরুণ জেটলির ব্যাখ্যা, গান্ধী পরিবারে গোলমাল শুরু হয়েছে। এটা তারই ফল।
লোকসভা ভোটে বিপর্যয়ের পর থেকে সোনিয়া ও রাহুলের নেতৃত্ব নিয়ে দলের একাংশে নানা প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, সোনিয়া ও রাহুলের উচিত বছর দুয়েক রাজনীতি থেকে ছুটি নেওয়া, কেউ বলছেন, নেতৃত্বের উচিত নিচুতলার কর্মীদের কথা শোনা, কেউ কেউ আবার সরাসরি প্রিয়াংকা গান্ধী ভদ্রকে দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এই অস্বস্তি ও অনাস্থা থেকে বাঁচতেই সোনিয়া ও রাহুলের এই ভূমিকা বলে অধিকাংশের ধারণা।