লোকসভায় ৪২ আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের সংবাদ সম্মেলনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
আজকের সংবাদ সম্মেলনে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে নিজ দলের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূলের সভাপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী ঘোষণা করেন।

প্রার্থী তালিকা ঘোষণার আগে মমতা বলেন, ‘দেশে চলছে এখন অঘোষিত ইমারজেন্সি (জরুরি অবস্থা)। ঘোষিত ইমারজেন্সির চেয়ে ডেঞ্জারাস এই অঘোষিত ইমারজেন্সি। দেশে চলছে এখন সেই জরুরি অবস্থা। গোটা দেশে তৈরি করা হয়েছে একটা ভয়াবহ পরিস্থিতি। আঘাত করা হচ্ছে সংবিধানের ওপর। চলছে ফেক নিউজের কারবার। চলছে দেশে একটা বিদ্বেষ-বিভেদের রাজনীতি।’

মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় সংখ্যালঘুদের সমস্যা বেড়েছে। গোরক্ষক, গণপিটুনির সিন্ডিকেট গড়া হয়েছে দেশজুড়ে। চেষ্টা চলছে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণে নেওয়ার। শুধু তা-ই নয়, বিজেপির উগ্রবাদের রাজনীতি দিয়ে দেশকে টুকরো করে দেওয়ার চক্রান্ত চলছে। এই পরিস্থিতি ভারতে আগে কখনো ছিল না বা হয়নি। তাই দেশ রক্ষা করতে হলে হটাতে হবে মোদি রাজ। স্লোগান তুলতে হবে, “মোদি হটাও দেশ বাঁচাও।” তবেই দেশে ফিরে আসবে সুদিন।’

বক্তব্যের পর মমতা ঘোষণা করেন তাঁর দলের ৪২ প্রার্থীর নাম। পশ্চিমবঙ্গের লোকসভার এই ৪২ আসনের মধ্যে এখন তৃণমূলের রয়েছে ৩৬ আসন। আর ৪টি রয়েছে কংগ্রেসের। ২টি করে রয়েছে বামফ্রন্ট ও বিজেপির।

মমতা বলেছেন, এই ৩৬ সাংসদের মধ্যে পাঁচজন এবার নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তাঁরা দলের কাজ করার কথা বলেছেন। এই পাঁচ সাংসদ হলেন অধ্যাপক সুগত বোস, অভিনেত্রী সন্ধ্যা রায়, উমা সোরেন, আইনজীবী ইদ্রিস আলি এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশি। এ ছাড়া এবার মনোনয়ন দেওয়া হয়নি সাংসদ পার্থ প্রতীম রায় এবং তাপস মণ্ডলকে। মনোনয়ন পাননি অভিনেতা তাপস পালও। তাঁর বিরুদ্ধে রয়েছে রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারি মামলা। বাকি সবাইকে মনোনয়ন দেওয়া হলেও এবার নতুন মুখও এসেছেন । দার্জিলিংয়ে এবার মনোনয়ন দেওয়া হয়েছে সেখানকার ভূমিপুত্র অমর সিং রাইকে। কৃষ্ণনগরের তাপস পালের আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মনোনয়ন দেওয়া হয়েছে কানাইলাল আগরওয়ালকে।

এ ছাড়া মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন মুর্শিদাবাদের আবু তাহের, বাঁকুড়ার সুব্রত মুখার্জি, ঝাড়গ্রামের বীর বাহা সোরেন, মালদহ উত্তর আসনের কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসুম বেনজির নূর, দক্ষিণ মালদায় মোয়াজ্জেম হোসেন, বহরমপুরে অপূর্ব সরকার, জঙ্গিপুরে খলিলুর রহমান, ঘাটালে অভিনেতা দেব, বীরভূমে অভিনেত্রী শতাব্দী রায়, আসানসোলে অভিনেত্রী মুনমুন সেন, রানাঘাটে সদ্য নিহত হওয়া তৃণমূলের বিধায়ক সতজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস, বসিরহাটে অভিনেত্রী নুসরত জাহান, যাদবপুরে মিমি চক্রবর্তী, বনগাঁয় মতুয়া নেত্রী মমতাবালা ঠাকুর, উলবেড়িয়ায় সাজদা আহমেদ, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ মালা রায়, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, কোচবিহারে পরেশ অধিকারী, বালুরঘাটে অর্পিতা ঘোষ, ব্যারাকপুরে দীনেশ দ্বিবেদী, দমদমে সৌগত রায়, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়নগরে প্রতিমা মণ্ডল, যাদবপুরে অভিনেত্রী মিমি চক্রবর্তী, হুগলিতে রত্না দে নাগ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ,বোলপুরে অসিত মাল প্রমুখ।