শচীন্দ্রলাল সিং: মুক্তিযুদ্ধের পরম সুহৃদ

শচীন্দ্রলাল সিং। জন্মসূত্রে চট্টগ্রামের বাসিন্দা। বিপ্লবী অনন্ত সিংয়ের বংশধর। দেশভাগের বহু আগেই ত্রিপুরায় চলে আসেন। যোগ দেন ভারতের জাতীয় কংগ্রেসে। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীও হন তিনি। দিল্লির নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল প্রথম থেকেই। সাবেক পূর্ব পাকিস্তানের বিষয়ে প্রথমে জওহরলাল নেহরু এবং পরে ইন্দিরা গান্ধীকে তিনিই অবহিত করতেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সুহৃদ, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের ১১০তম জন্মদিন কাল সোমবার।
ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের বিষয়ে দিল্লিতে দরবার করতেন শচীন্দ্রলাল সিং। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পর্ক। মুজিবের ত্রিপুরা সফরের সময় সব ব্যবস্থা করেছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় দিল্লির নির্দেশের তোয়াক্কা না লাখ লাখ বাংলাদেশির জন্য ত্রিপুরা সীমান্ত খুলে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। শরণার্থীশিবিরের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পও গড়ে ওঠে তাঁর ঐকান্তিক প্রশ্রয়ে। ত্রিপুরার সেই সময়ের জনসংখ্যার চেয়েও বাংলাদেশি শরণার্থীদের সংখ্যা বেশি হলেও পুরো বিষয়টি সামাল দিয়েছিল শচীন সিংয়ের প্রশাসন।
শচীন সিংয়ের সময়ের বিধায়ক কংগ্রেস নেতা তাপস দে বলছিলেন, ‘তিনি না থাকলে মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন পাওয়া কঠিন হতো। ইন্দিরা গান্ধীর মুখের ওপর কথা বলার হিম্মত ছিল শচীনদার। তিনিই বুঝিয়েছিলেন দিল্লিকে।’
কাল শচীন সিংয়ের জন্মদিন মর্যাদার সঙ্গে পালন করছে শচীন্দ্রলাল স্মারক সমিতি। আগরতলা মুক্তধারা মঞ্চে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা সভার। উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
শচীন সিংকে ভুলতে বসেছে বর্তমান প্রজন্ম। আমৃত্যু কংগ্রেসি মানুষটির অবদান কমিউনিস্ট শাসনে মোটেই স্বীকৃত হচ্ছে না বলে তাপস দে প্রথম আলোর কাছে অভিযোগ করলেন। সঙ্গে কটাক্ষ, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে।
ক্ষোভ বেরিয়ে এল শচীন্দ্র সিংয়ের ছেলে আশিসলাল সিনহার কথায়ও। প্রথম আলোকে বললেন, ‘বাবার স্মৃতিচারণা তো দূরের কথা, পরিবারের লোকদের প্রতিও সিপিএম প্রচণ্ড বিদ্বেষী।’ তবে কাল শচীন সিংয়ের জন্মদিনে সিপিএমের নেতা-মন্ত্রীরাও যোগ দেবেন বলে জানা গেছে। যোগ দেবেন অন্যান্য দলের নেতারাও। কংগ্রেসও প্রতিবারের মতো এবারও প্রয়াত নেতার জন্মদিন পালন করবে দলীয় কার্যালয়ে।