শত বছর পর যুক্তরাষ্ট্র থেকে আসছে কবিগুরুর তিন ছবি
প্রায় ১০০ বছর পর কলকাতায় আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি দুষ্প্রাপ্য ছবি। আর এই ছবি তিনটি সংরক্ষিত হবে কবিগুরুর স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।
১৯১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন ওখানকার নামী চিত্রগ্রাহক এডওয়ার্ড শেরিফ কার্টিজ তাঁর সাদাকালো ছবি তুলেছিলেন। কালক্রমে এই তিনটি ছবি আমেরিকাপ্রবাসী এক বাঙালি-ভারতীয় ও রবীন্দ্র অনুরাগীর ব্যক্তিগত সংগ্রহে চলে আসে। তিনি এখন চাইছেন ছবি তিনটি কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থাকুক। এ ব্যাপারে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
ওই ব্যক্তি জানান, শিগগিরই তিনি কলকাতায় ফিরছেন। আর তখন তিনি নিজের সঙ্গে ওই ছবি তিনটি আনবেন। কবিগুরুর জন্মদিন ২৫ বৈশাখের আগেই তিনি ছবিগুলো হস্তান্তর করতে চান।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এসব ছবি এর আগে কেউ দেখেনি।