শত্রুঘ্ন সিনহা ফের আক্রমণাত্মক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের আক্রমণাত্মক হলেন বিজেপির লোকসভা সদস্য শত্রুঘ্ন সিনহা। কংগ্রেস শাসিত অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, এত তাড়াহুড়ো ও এত চিন্তার কী কারণ, তা বোধের অগম্য।

বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা বেশ কিছুদিন ধরেই দল ও সরকারের কোনো কোনো সিদ্ধান্তের সমালোচনা করছেন। বিহার নির্বাচনে দলের ভরাডুবির পর তিনি নিতীশ কুমার ও লালু প্রসাদকে অভিনন্দনও জানিয়েছিলেন। আজ শনিবার তিনি টুইট করেন অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তের বিরুদ্ধে। তিনি লেখেন, ‘আমাদের ড্যাশিং ডায়নামিক অ্যাকশন হিরো প্রধানমন্ত্রীর ওপর প্রচণ্ড ভরসা রয়েছে। কিন্তু সেই উপদেষ্টারা কারা যাঁরা অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির পরামর্শ দিয়েছেন?’ তিনি আরও লেখেন, ‘বিষয়টি যখন আদালতে বিচারাধীন, তখন এত তাড়াহুড়ো ও চিন্তার কী ছিল? আদালতের রায় বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রীকে আমরা কী জবাব দেব?’

শত্রুঘ্ন সিনহা বেশ কিছুদিন ধরেই দলে কোণঠাসা। বিহার বিপর্যয়ের পর তিনি আরও বেশি আক্রমণাত্মক। আজ শনিবার পুনে থেকে তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমি সব সময় স্পষ্ট কথা বলি। আমার ব্যক্তিগত অভিমত অনেক সময় দলের সঙ্গে মেলে না। তবে আমি যা বলি তা সব সময় দল ও দেশের ভালোর জন্যই বলি।’

কংগ্রেস শাসিত অরুণাচল প্রদেশে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে। রাজ্যপালের সিদ্ধান্তে জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর দাবি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করলে প্রণব মুখার্জি তাতে সম্মতি দেন।

শত্রুঘ্ন সিনহার মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিহারের রাজনীতিক রবিশংকর প্রসাদকে প্রশ্ন করা হলে শনিবার তিনি তির্যক ভঙ্গিতে সাংবাদিকদের বলেন, ‘ভালোই তো। আপনারা লেখার একটা রসদ পেলেন।’