শত্রুঘ্ন সিনহা-বাবুল সুপ্রিয়র ভাগ্য পরীক্ষা মঙ্গলবার
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা ও দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভার শূন্য আসনে উপনির্বাচন মঙ্গলবার। এদিন আসনগুলোতে ভাগ্য পরীক্ষার মুখোমুখি হবেন দুই তারকা প্রার্থী।
আসানসোল লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। অপরদিকে বালিগঞ্জ বিধানসভা আসনে একই দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।
আসানসোল লোকসভা আসনটি শূন্য হয় ওই আসনের বিজেপি সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের কারণে। আর বালিগঞ্জ বিধানসভার আসনটি শূন্য হয়েছিল বিধায়ক ও রাজ্যমন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুতে।
আসানসোল লোকসভা কেন্দ্রে আরও লড়ছেন বিজেপির রাজ্য মহিলা শাখার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও সিপিএমের পার্থ মুখার্জি। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা আসনের বাবুল সুপ্রিয়র বিপরীতে রয়েছেন সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম ও বিজেপির কেয়া ঘোষ। নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল।