শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৭তম রাজ্যপাল বা গভর্নর হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে শপথ নিয়েছেন কেশরী নাথ ত্রিপাঠি। তিনি পশ্চিমবঙ্গের সদ্য পদত্যাগ করা রাজ্যপাল এম কে নারায়ণনের স্থলাভিষিক্ত হলেন।

ত্রিপাঠির শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি বামদল ও কংগ্রেসের বিধায়কেরা।
বিজেপির নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে কংগ্রেস মনোনীত রাজ্যপালদের সরিয়ে সেখানে বিজেপির প্রবীণ নেতাদের রাজ্যপাল করার উদ্যোগ নেওয়া হয়। এ কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল পদত্যাগ করেন।

কেশরী ছিলেন উত্তর প্রদেশের বিধানসভার সাবেক স্পিকার, উত্তর প্রদেশের অর্থমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি। তাঁর বয়স এখন ৮০ বছর। তিনি এলাহাবাদ হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা অটল বিহারি বাজপেয়ির সঙ্গে কেশরীর ঘনিষ্ঠতা রয়েছে। কবি ও লেখক হিসেবেও তাঁর পরিচিতি আছে।