শপথ নিলেন পারিকর, আস্থা ভোট বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। নানা নাটকীয়তার পর আজ মঙ্গলবার শপথ নিলেও আগামী বৃহস্পতিবার বিধানসভায় তাঁকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।

এদিকে কংগ্রেস বলছে, পারিকর মাত্র দুই দিনের মুখ্যমন্ত্রী।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪০ আসনের গোয়া বিধানসভায় ২১টি আসন পেলেই সরকার গঠন করা যায়। কংগ্রেস ১৭টি আসনে এবং বিজেপি ১৩ আসেন জয়ী হয়। এরপরও ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিজেপি।

বিজেপি যেন সরকার গঠন করতে না পারে, এ জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। দলটির অভিযোগ, বেশি আসন পাওয়ার পরও প্রদেশ গভর্নর মৃদুলা সিনহা সংবিধান লঙ্ঘন করে বিজেপিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সর্বোচ্চ আদালত কংগ্রেসের আবেদন নাকচ করে দেন। এরপরই আজ বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহর পারিকর। তবে আদালত বৃহস্পতিবার বিধানসভায় আস্থা দিতে বলেছেন। ওই ভোটে তাঁকে জিততে হবে।

গোয়ায় আসন কম পেলেও কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে সরকার গঠনে জোর তৎপরতা শুরু করে বিজেপি। গোয়ার দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি সুযোগ বুঝে ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ করেন। নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) এবং গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি) তিনটি করে আসন পেয়েছে। এ দল দুটির সমর্থন এবং দুজন নির্দলীয় বিধায়কের সমর্থন মিলিয়ে ২১ জনের সমর্থন পেয়ে যায় বিজেপি। গত রোববার তারা সমর্থনের সেই তালিকা গভর্নরের কাছে জমা দেয়। তখন বিজেপিকেই সরকার গঠনের জন্য আহ্বান জানান গভর্নর।

বিজেপির নেতারা বলেছেন, শনিবার রাতেই আসল কাজটি হয়ে যায়। কংগ্রেসের বাইরের নয়জন নির্বাচিত বিধায়ককে নিয়ে একটি পাঁচতারা হোটেলে বৈঠক করে বিজেপি। সেই বৈঠকেই সরকার গঠনে সমর্থন এবং মনোহর পারিকরকে মুখ্যমন্ত্রী করার বিষয়টি ঠিক হয়। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়েন অতীতে তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী থাকা পারিকর।

সোমবার এ নিয়ে আদালতে যায় কংগ্রেস। হোলি উৎসব উপলক্ষে সুপ্রিম কোর্ট ছুটিতে থাকলেও প্রধান বিচারপতি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বেঞ্চ গঠন করেন।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের সমালোচনা করে বলেন, গোয়ার গভর্নরের কাছে ২১ জনের সমর্থনের কাগজ দিয়েছে বিজেপি। কংগ্রেস কিছু দিতে পারেনি। তারা আদালতেও নিজেদের দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেনি।

কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী অবশ্য অভিযোগ করেছেন, বিজেপি অর্থের বিনিময়ে বিধায়কদের সমর্থন কিনেছে। কংগ্রেস বলছে, পারিকর দুই দিনের মুখ্যমন্ত্রী। আস্থা ভোটে হেরে যাবেন তিনি।

এদিকে দলের নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন গোয়ার কংগ্রেস বিধায়কেরা। নবনির্বাচিত বিধায়কদের ক্ষোভ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং গোয়ার দায়িত্ব পাওয়া দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে। বিজেপির চেয়ে এগিয়ে থেকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরও যেভাবে দৃশ্যত সরকার গড়তে কেন ব্যর্থ হলো কংগ্রেস, এ জন্য দিগ্বিজয়কেই দায়ী করেছেন বিধায়কেরা।