মুক্তমঞ্চে মমতার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে একটায় কলকাতার প্রশস্ত রেড রোডের মুক্তমঞ্চে দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির সামনে শপথ নেন মমতা।

রাজ্যের গভর্নর কেশরীনাথ ত্রিপাটি শপথবাক্য পাঠ করান। মমতার সঙ্গে শপথ নিয়েছেন ৪২ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ২৯ জন কেবিনেট মন্ত্রী, পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও আটজন প্রতিমন্ত্রী।

মমতার নির্দেশে মন্ত্রীরা ধুতি-পাঞ্জাবি অথবা পায়জামা-পাঞ্জাবি পরে শপথ নিতে আসেন। দু-একজন বাদে সবাই বাংলাতে শপথ নিয়েছেন।

মমতার এবারের মন্ত্রিসভায় সাতজন মুসলিম, একজন খ্রিষ্টান ও চারজন আধিবাসী প্রতিনিধি জায়গা পেয়েছেন। মমতাকে নিয়ে মন্ত্রিসভায় চারজন নারী রয়েছেন।

মন্ত্রিসভায় নতুন মুখ ১৭ জন। গতবারের মন্ত্রিসভার নয়জন সদস্যকে এবার বাদ দেওয়া হয়েছে। আর আটজন পরাজিত হয়েছেন।

নতুন মন্ত্রী হয়েছেন শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্লা, অসীমা পাত্র, জাকির হোসেন, জেমস কুজুর প্রমুখ।

প্রথা ভেঙে রাজভবনের চৌহদ্দির বাইরে এসে এবারই প্রথম রাজপথে শপথ নিয়ে নতুন নজির তৈরি করেছেন মমতা।

বর্ণিল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের শিল্পমন্ত্রী, ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী অরুণ জেটলি ও নগর-উন্নয়নমন্ত্রী বাবুল সুপ্রিয়।

উপস্থিত ছিলেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতের শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেডির লালুপ্রসাদ যাদব, ডিএমকের কানিমোঝি, ন্যাশানাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ প্রমুখ।

ভারতের প্রখ্যাত শিল্পপতিরাও মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টালিউড তারকাদের পদচারণে অনুষ্ঠানস্থল চাঁদেরহাটে পরিণত হয়।

মমতার এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে রাজ্যের কোনো বিরোধী দল উপস্থিত ছিল না।

নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে বামফ্রন্ট, কংগ্রেস শপথ অনুষ্ঠান বয়কট করে। বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এলেও রাজ্য বিজেপি নেতারা অনুষ্ঠান বয়কট করেছেন। তাঁরা এদিন রাজ্যজুড়ে সহিংসতার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা ও মন্ত্রিসভার সদস্যরা রাজ্য সরকারের দপ্তর নবান্নে যান। সেখানে মুখ্যমন্ত্রীকে কলকাতা পুলিশের পক্ষÿথেকে গার্ড অব অনার দেওয়া হয়।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে এরপর মমতা নবান্নের চৌদ্দতলায় যান। সেখানে তাঁর জন্য নতুন করে সাজানো হয়েছে কক্ষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন মমতা।