শপথের অনুষ্ঠান স্মরণীয় করতে চান মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: রয়টার্স
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আজ শুক্রবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেবেন মন্ত্রীরাও। কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, জাতীয় পর্যায়ে একটা প্রভাব ফেলতে চান মমতা। তিনি এমন একটি শপথ অনুষ্ঠান করতে চান, যা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মানুষের মনে গেঁথে থাকবে।

শপথ অনুষ্ঠান উপলক্ষে পুরো রেড রোড নীল-সাদায় সেজেছে। সেখানে জমকালো মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ভিভিআইপি অতিথিদের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানকে স্মরণীয় করতে সব আয়োজনই করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।

কর্মকর্তারা বলছেন, শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত থাকবেন। অতিথিদের তালিকায় ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী আছেন। আছেন প্রথম সারির রাজনৈতিক নেতারা। থাকছেন বলিউড-টালিউডের তারকাও।

নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস।

এনডিটিভি বলছে, হাজারো লোকের উপস্থিতিতে শপথ নেবেন মমতা ও তাঁর মন্ত্রীরা। মমতার সঙ্গে ৪১ জন মন্ত্রী শপথ নেবেন। মন্ত্রিসভায় নতুন মুখ আসছেন ১৮ জন। গত মন্ত্রিসভার নয়জন সদস্য বাদ পড়ছেন।

শপথ অনুষ্ঠান ঘিরে রাজ্যে একটা উৎসব-উৎসব আমেজ বিরাজ করছে।

পর্যবেক্ষকেরা বলছেন, শপথ অনুষ্ঠানটি বেশ বড় ও জমকালো হতে যাচ্ছে। এর আগে এমন আয়োজন কখনো দেখেনি পশ্চিমবঙ্গ।

সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মমতার শপথ অনুষ্ঠান জমকালো করা নিয়ে রাজ্যে নানা আলোচনা-সমালোচনাও চলছে। অনুষ্ঠানের খরচ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।