শপথের আগেই সর্বানন্দের প্রাধান্য 'বাংলাদেশি অনুপ্রবেশ' ইস্যু

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই আসাম চুক্তি রূপায়ণ এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আনুষ্ঠানিকভাবে আসামে বিজেপির পরিষদীয় নেতা নির্বাচিত হয়েই শুক্রবার দিল্লি উড়ে গেলেন হবু মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তিনি দলের হাইকমান্ডের সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনায় বসবেন।
বিজেপি সূত্রে খবর ২৪ মে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন সর্বানন্দ। অন্যদিকে, ইতিমধ্যেই জনগণের রায় মাথায় পেতে নিয়ে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তরুণ গগৈ নতুন সরকারের গঠনমূলক সমালোচনা করে দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণের প্রতিশ্রুতি দেন।
ক্ষমতায় বসার আগেই ‘খিলঞ্জিয়া’ বা ভূমিপুত্র ইস্যুকে উসকে দিলেন আসামের হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের বলে গেলেন, ‘বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি অবৈধভাবে আসামে বসবাসকারী বাংলাদেশি বিতাড়নে সচেষ্ট হবে নতুন সরকার। বিদেশি বিতাড়নের প্রশ্নে অক্ষরে অক্ষরে মানা হবে আসাম চুক্তি।’ ২৪ মে গুয়াহাটির খানা পাড়ায় প্রকাশ্য অনুষ্ঠানে সর্বানন্দ মন্ত্রিসভা শপথ নেবে বলে বিজেপি সূত্রে খবর। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোটের অপর দুই শরিক অগপ ও বিপিএফ থাকছে মন্ত্রিসভায়।
বিজেপি শিবিরের উৎসবের মাঝেই স্বাভাবিক কারণেই করুণ অবস্থা কংগ্রেস শিবিরের। টানা ১৫ বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর গদিচ্যুত তরুণ গগৈ। সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেন, ‘এই হারের দায় আমার। নিশ্চয় কিছু ভুল হয়েছে। ভুল থেকেই শিক্ষা নেব। পুরোদস্তুর রাজনীতিতেই থাকব। জনগণের রায় মাথায় নিয়ে প্রকৃত বিরোধী দলের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে কংগ্রেস।’ একই সঙ্গে তিনি বিজেপিকে জয়লাভের জন্য শুভেচ্ছা জানান। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এআইইউডিএফের সঙ্গে জোট করলে ভালো হতো, এই তত্ত্ব উড়িয়ে দেন। একলা চলার নীতিতেই তিনি এখনো স্থির।
অন্যদিকে, জনগণরে রায় মাথায় পেতে নিলেও এই হারের জন্য কংগ্রেসকেই দায়ী করছেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সাংবাদিকদের সামনে তাঁর সাফ কথা, ‘জোট হলে ফল অন্যরকম হতো। কংগ্রেসের একগুঁয়েমিই বিজেপিকে ক্ষমতায় এনেছে।’ তবে তিনিও নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এরই পাশাপাশি চলছে ভোটের ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। চূড়ান্ত ফলাফল অনুযায়ী ১২৬ সদস্যের আসাম বিধানসভায় বিজেপি সাড়ে ২৯ শতাংশ ভোট পেয়ে ৬০টি আসন দখল করেছে। তাঁদের সঙ্গী অগপ ৮ দশমিক ১ শতাংশ এবং বিপিএফ ৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দখল করেছে যথাক্রমে ১৪টি ও ১২টি আসন। অন্যদিকে, কংগ্রেস ৩১ শতাংশ ভোট পেয়ে ২৬টি আসন দখল করেছে। এআইইউডিএফ ১৩ শতাংশ ভোট পেয়ে নিশ্চিত করেছে ১৩টি আসন। নির্দলরা ১টি আসন পেলেও তাঁদের ভোট প্রাপ্তির হার ১১ শতাংশ।
আসামের পাশাপাশি মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। বিজেপির জোটসঙ্গী এনপিপি প্রার্থী কনরড কে সাংমা এক লাখ ৯২ হাজারেরও বেশি ভোটে পরাস্ত করেছেন কংগ্রেস প্রার্থী তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী ডিকাঞ্চি ডি শিরাকে। কনরড সাংবাদিকদের কাছে এই জয় উৎসর্গ করেন তাঁর বাবা প্রয়াত জননেতা পূর্ণ অ্যাজিটক সাংমা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কর্মসূচির প্রতি।