শরণার্থীদের নিয়ে দায়িত্ব এড়িয়ে চলছে ধনী রাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের ব্যাপারে ধনী দেশগুলো দায়িত্ব এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক সংগঠনটি বলেছে, এসব দেশ খুব কমসংখ্যক শরণার্থীকেই আশ্রয় দিচ্ছে ও তাঁদের জন্য ন্যূনতম কাজ করছে। শরণার্থী বিষয়ে এক প্রতিবেদনে অ্যামনেস্টি এ অভিযোগ করেছে।

অ্যামনেস্টি বলছে, বৈশ্বিক জিডিপির মাত্র ২ দশমিক ৫ শতাংশের অধিকারী ১০টি দেশই বিশ্বের ২ কোটির বেশি শরণার্থীর অর্ধেকের বেশিকে আশ্রয় দিচ্ছে।

সংগঠনটির মহাসচিব সলিল শেঠি ধনী দেশগুলোর প্রতি আরও বেশি শরণার্থীকে গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাজ্য শরণার্থীদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতার এক ‘দুঃখজনক উদাহরণ’।

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্য ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় আট হাজার সিরীয় শরণার্থী গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র নিয়েছে মাত্র ১২ হাজার লোককে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে, চীন, রাশিয়া বা উপসাগরীয় ধনী দেশগুলোর কোনোটি কোনো সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করেনি। সে তুলনায় যুক্তরাজ্যের মাত্র ১ দশমিক ২ শতাংশের সমপরিমাণ জিডিপির অধিকারী দেশ জর্ডান আশ্রয় দিয়েছে সাড়ে ৬ লাখ সিরীয় শরণার্থীকে। ২ কোটি ৭০ লাখের বেশি শরণার্থীর মধ্যে জর্ডান একা যেকোনো দেশের চেয়ে বেশি লোককে আশ্রয় দিয়েছে।

উপাত্ত অনুযায়ী, সিরিয়ার প্রতিবেশী তুরস্ক ২৫ লাখের বেশি, পাকিস্তান ১৬ লাখ ও লেবানন ১৫ লাখের বেশি শরণার্থীকে গ্রহণ করেছে।

অর্থনৈতিকভাবে দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথে অভিবাসী ও শরণার্থীদের ইউরোপ যাওয়ার চেষ্টা অব্যাহত আছে। গত সোমবারও এ রকম চেষ্টায় পাড়ি জমানো ২ হাজার ৬০০ জনকে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়।

সলিল শেঠি বলেন, শুধু সংকটে পতিত দেশের প্রতিবেশী বলেই কয়েকটি দেশকে শরণার্থীদের ব্যাপারে অনেক বেশি কিছু করতে হচ্ছে। তিনি আরও বলেন, দায়িত্ব ভাগাভাগির দিক থেকে বলতে গেলে ৬০ থেকে ৯০টি দেশ এটি ভাগাভাগি করে নিয়েছে। অথচ শরণার্থী সমস্যাটি অনেক বড় হলেও এটা খুবই সমাধানযোগ্য একটি বিষয়।