শশী থারুরকে জিজ্ঞাসাবাদ

ভারতের কংগ্রেস সাংসদ সাবেক মন্ত্রী শশী থারুরকে তাঁর স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যুর জের ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। গত বছরের জানুয়ারি মাসে একটি পাঁচ তারকা হোটেলে সুনন্দার মৃতদেহ পাওয়া যায়।
গত সোমবার রাতে শশীকে পুলিশের একটি দল কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। দিল্লি পুলিশের কমিশনার বি এস বাসি সাংবাদিকদের বলেন, ‘শশী থারুর জিজ্ঞাসাবাদে বেশ সহযোগিতা করেছেন। আমরা তাঁকে ওই ঘটনার পূর্বাপর নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করি। সেদিন কী ঘটেছিল, গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে কোন ধরনের সংবাদ এসেছিল, এসব বিষয়ে জিজ্ঞসা করেছি।’
ঘটনার পরপর চিকিৎসকেরা বলেছিলেন, বেশি ওষুধ খেয়ে ফেলায় সুনন্দার মৃত্যু হয়েছে। তবে এখন পুলিশ বলছে, তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল না। আর মৃত্যুর কারণ বিষ প্রয়োগ। তা কে, কীভাবে প্রয়োগ করে থাকতে পারে, এ বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের নতুন বক্তব্যের পর থারুর বলেছেন, স্ত্রীর মৃত্যু নিয়ে এমন নোংরা খেলা হবে, তা তিনি কখনো ভাবেননি।