ভারতে যুক্তরাজ্যের ২০০ বছরের ঔপনিবেশিক শাসনকালের জন্য যুক্তরাজ্যের ক্ষতিপূরণ দেওয়া উচিত—কংগ্রেস দলের সাংসদ শশী থারুরের এই বক্তব্য সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এই বক্তব্য দেশপ্রেমিক ভারতীয়দের অনুভূতিরই প্রতিধ্বনি। খবর গার্ডিয়ানের।
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন থারুর। সেখানে তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের যে আর্থিক ক্ষতি হয়েছে, এ জন্য যুক্তরাজ্যের উচিত ক্ষমা প্রার্থনা করা এবং এখন সেই ক্ষতিপূরণ দেওয়া। গত সপ্তাহে তাঁর এই বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পোস্ট করে। এরপর থেকে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে হইচই শুরু হয়। এ সময়ের মধ্যে শশীর বক্তব্যের ১৫ মিনিটের ভিডিওচিত্রটি ইউটিউবে অন্তত ১৫ লাখ মানুষ দেখেছে।
শশী থারুরের বক্তব্যের প্রশংসা করে গত বৃহস্পতিবার পার্লামেন্টে নরেন্দ্র মোদি বলেন, ‘থারুর সঠিক বক্তব্য যথাস্থানে তুলে ধরেছেন। তাঁর কথাগুলো দেশপ্রেমিক ভারতীয়দের আবেগ-অনুভূতিরই প্রতিধ্বনি।’
তবে যুক্তরাজ্যের ক্ষমা চাওয়ার বিষয়ে থারুরের যে দাবি, তা তিনি সমর্থন করেন কি না, এ বিষয়ে কিছু বলেননি মোদি।
নিজের বক্তব্যের সপক্ষে থারুর যুক্তি দেন, ব্রিটিশরা যখন ভারতে আসে, সে সময় বিশ্ব অর্থনীতিতে এ দেশের ভাগ ছিল ২৩ শতাংশ। অন্যদিকে ১৯৪৭ সালে ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, সে সময় সেই হার নেমে আসে ৪ শতাংশের নিচে। এই পরিসংখ্যান উল্লেখ করে সাবেক মন্ত্রী থারুর বলেন, ‘এর অর্থ খুবই সোজা। ভারতকে ব্রিটিশরা কেবল নিজেদের ফায়দার জন্যই ব্যবহার করেছিল। ২০০ বছরের রাজত্বকালে ব্রিটিশদের যে বিরাট উত্থান হয়েছিল, তা হয়েছিল এ দেশ থেকেই। অন্যদিকে ভারতের আর্থিক প্রতিপত্তির অধঃপতন ঘটেছিল।’