শশীকলা এআইএডিএমকের প্রধান হিসেবে উপযুক্ত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) প্রধান হিসেবে শশীকলা নাতারঞ্জন উপযুক্ত নন বলে মনে করেন তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভাইঝি দীপা জয়াকুমার। জয়ললিতার দীর্ঘদিনের বান্ধবী শশীকলা। আজ সোমবার এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।

জয়ললিতার মৃত্যুর পর শশীকলাকে দলীয় প্রধান হিসেবে দেখতে চাইছেন দলের নেতারা।

এআইএডিএমকে সদস্যদের কাছে শশীকলা চিনাম্মা বা ‘ছোট আম্মা’ নামে পরিচিত। তামিল ভাষায় মায়ের ছোট বোনকে চিনাম্মা বলা হয়ে থাকে।

সাংবাদিক দীপা এ প্রসঙ্গে শশীকলার বিরুদ্ধে অসামঞ্জস্য সম্পদের অভিযোগে সুপ্রিম কোর্টে চলমান একটি মামলার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, শশীকলাকে জয়ললিতার ছায়া বলে মনে করা হলেও দলে তাঁর তেমন সমর্থন নেই।
দীপা বলেন, ‘তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলার বেশ...তাই লোকজন তাঁকে চায় না। তিনি মহান নেতা জয়ললিতার নাম খারাপ করবেন।...দলের অন্য জ্যেষ্ঠ নেতাদের এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।’

জয়ললিতার একমাত্র ভাই জয়াকুমারের মেয়ে দীপা বলেন, পিসিমার রাজনৈতিক দর্শন রক্ষা করতে রাজনীতিতে আসতে তাঁর আপত্তি নেই। তিনি বলেন, ‘দল চাইলে আমি যোগ দিতে পারি। আমি শুধু আমার পরিবারের পক্ষ থেকে পিসিমার আদর্শকে এগিয়ে নিতে চাই।’

জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পনিরসেলভাম। গত শনিবার তিনিসহ এআইএডিএমকের কয়েকজন জ্যেষ্ঠ নেতা শশীকলাকে দলীয় নেতৃত্বে আসার অনুরোধ করেন। জানা গেছে, চলতি মাসে এআইএডিএমকের জাতীয় সম্মেলনে শশীকলাকে দলটির সাধারণ সম্পাদক করা হতে পারে। জয়ললিতা ২৭ বছর দলটির এই প্রভাবশালী পদে ছিলেন।