শশীকলাকে নেতৃত্বে চায় এআইএডিএমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশীকলা
শশীকলা

ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দীর্ঘদিনের বান্ধবী শশীকলা নটরাজনকেই নেতৃত্বে দেখতে চাইছেন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) দলের জ্যেষ্ঠ নেতারা। এআইএডিএমকে এক টুইট বার্তায় গতকাল শনিবার এ কথা জানায়। জয়ললিতা ক্ষমতাধর এই পদে ২৭ বছর ধরে ছিলেন।

মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুর পর চলতি সপ্তাহে শশীকলা নটরাজনের ক্ষমতাচর্চায় ধারণা জন্মে, তিনি আনুষ্ঠানিকভাবে এআইএডিএমকের বড় কোনো পদ নিতে বিমুখ হবেন না। এই দলটিতে জয়ললিতার পূর্ণ কর্তৃত্ব ছিল। এবার দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, তারা শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সাধারণ সম্পাদককে নির্বাচিত করবে।

জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মন্ত্রিপরিষদ গতকাল আনুষ্ঠানিক বৈঠকে বসে। নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম শুক্রবার দ্বিতীয়বারের মতো দেখা করেন শশীকলার সঙ্গে। এতে শশীকলার নেতৃত্বে আসার গুঞ্জন জোরদার হয়।

গত কয়েক দিনে দলের পক্ষ থেকে অনেকবার জয়ললিতার প্রতি শশীকলার আনুগত্য ও তাঁর ‘দক্ষতার’ প্রশংসা শোনা যায়।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গত সোমবার মারা যান। গত সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। তখন থেকেই জয়ললিতার চিকিৎসা এবং কারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন শশীকলা। তিনি দীর্ঘদিন থেকে প্রভাবশালী বান্ধবী জয়ললিতার সঙ্গে থাকলেও দলীয় বা সরকারি কোনো পদে ছিলেন না।

পরিবারকে শশীকলার পরামর্শ: টাইমস অব ইন্ডিয়া জানায়, শশীকলা তাঁর ভাইবোনসহ নিকটাত্মীয়দের ‘সরকার ও দল থেকে দূরে থাকতে’ বলেছেন। পরিবারের কাছের এক সূত্র এ কথা নিশ্চিত করেছে।

শোকে ২০৩ জনের মৃত্যু: ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক খবরে বলা হয়, জয়ললিতার শোকে এ পর্যন্ত রাজ্যজুড়ে ২০৩ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল জানিয়েছে তাঁর দল এআইএডিএমকে। দলের সদর দপ্তর থেকে ২০৩ জনের নামও প্রকাশ করা হয়েছে। এসব লোকজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, দলের পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি করে দেওয়া হবে।