শশীকলার চার বছরের কারাদণ্ড
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না শশীকলা। আয়বহির্ভূত সম্পত্তি রাখার মামলায় এবার শশীকলা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এই রায়ের পর শশীকলা আর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন না। আদালত তাঁকে যত দ্রুত সম্ভব কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দণ্ড পাওয়া ব্যক্তিদের ১০ কোটি রুপি জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, গত বছরের ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসতে ক্ষমতাসীন এআইএডিএমকের প্রধান শশীকলা দড়ি টানাটানি শুরু করেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী পনিরসেলভামের সঙ্গে। গত ৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন পনিরসেলভাম। পরে তিনি অভিযোগ করেন, তাঁকে ভয় দেখিয়ে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নিলেও সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাঁরই দিকে রয়েছে। তাঁকে সেই গরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়া হোক। তবে এবার মুখ্যমন্ত্রী হওয়ার আর উপায় থাকল না শশীকলার।
১৯৯৬ জয়ললিতার বিরুদ্ধে তৎকালীন জনতা দলের নেতা সুব্রহ্মণ্যম স্বামী মামলা করেন। অভিযোগে বলা হয়, ১৯৯১ থেকে ১৯৯৬ মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ললিতার হিসাববহির্ভূত সম্পত্তির পরিমাণ ৬৬ দশমিক ৬৫ কোটি টাকা। ২০১৪ সালে হিসাববহির্ভূত সম্পত্তি মামলায় তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা, তাঁর পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয় ইলাবরসিকে চার বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। পরে কর্ণাটক হাইকোর্ট তাঁদের বেকসুর খালাস দেন। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যান সুব্রহ্মণ্যম স্বামী। আজ বেঙ্গালুরু কোর্টের রায় বজায় রাখলেন সুপ্রিম কোর্ট।