শান্ত হয়নি দার্জিলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্ত হয়নি দার্জিলিং। এখনো অশান্তির কালো মেঘ গ্রাস করে আছে পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহরকে।

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্টকালের দার্জিলিং বন্‌ধ্‌ আজ সোমবার ২ মাস ১৪ দিনে পা দিয়েছে। গত ১২ জুন থেকে এই বন্‌ধ্‌ শুরু হয়। বন্‌ধের জেরে অচল দার্জিলিং, বিপর্যস্ত জনজীবন।

দার্জিলিং সমস্যা সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল রোববার সন্ধ্যায় দিল্লিতে দার্জিলিংয়ের সদ্যগঠিত গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাদের পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ করেন। অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ও অনশন আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে তিনি পাহাড়ের সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করার আরজি জানান।

মোর্চা নেতারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেও তা আমলে নেওয়া হয়নি। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জনমুক্তি মোর্চাসহ কো-অর্ডিনেশন কমিটির নেতাদের বৈঠক বিফলে যায়।

বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গোর্খা নেতাদের সব দাবি শুনেছেন। স্মারকলিপি গ্রহণ করেছেন। আলোচনা শুরু হওয়ার আগে বন্‌ধ্‌ প্রত্যাহারের আরজি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে, তিনি যেন গোর্খা জনমুক্তি মোর্চাসহ অন্যান্য সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেন। সেই সঙ্গে রাজ্যের তরফে দার্জিলিংয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ, ইন্টারনেট, কেব্‌ল টিভি ও স্থানীয় চ্যানেলের পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, গোর্খা নেতা স্বরাজ থাপা, কল্যাণ দেওয়ান, এনবি ছেত্রী, অরুণ ঘাটানি প্রমুখ।

বৈঠক শেষে জনমুক্তি মোর্চা নেতা স্বরাজ থাপা বলেছেন, তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে মোর্চাসহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে বন্‌ধ্‌ চলবে।