শান্তি আলোচনায় অনুপ চেটিয়া থাকা জরুরি
ভারতের সঙ্গে শান্তি আলোচনা ফলপ্রসূ করতে গেলে অনুপ চেটিয়ার অংশগ্রহণ জরুরি। উলফার আলোচনাপন্থী শীর্ষ নেতারা আজ মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষিকে এই কথা জানিয়ে দিলেন।
স্বরাষ্ট্রসচিবকে তাঁরা বলেছেন, অনুপ চেটিয়া ভারতে চলে এসেছেন। তিনি শান্তিকামী এবং আলোচনাপন্থী। তাঁকে বাইরে রেখে কোনো আলোচনাই সম্পূর্ণ হতে পারে না। তাই পরবর্তী আলোচনায় অনুপ চেটিয়াকে রাখার ব্যবস্থা করা হোক। কেন্দ্র, রাজ্য ও উলফা নেতাদের সঙ্গে এই আলোচনার মধ্যস্থকারী কর্মকর্তা পি সি হালদারকে স্বরাষ্ট্রসচিব এই অনুরোধ বিবেচনা করে দেখার অনুরোধ জানান।
আসামে স্থায়ী শান্তির আশায় উলফার আলোচনাপন্থী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথাবার্তা বেশ কিছুদিন ধরেই চলছে। কিন্তু অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে বন্দী থাকায় সেই আলোচনা সম্পূর্ণ হতে পারছিল না। সম্প্রতি বাংলাদেশ সরকার চেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছে। মঙ্গলবারের বৈঠকেই তাঁকে হাজির করার একটা চেষ্টা সংগঠনের অন্য নেতারা করেছিলেন। কিন্তু কারা হেফাজতে থাকার দরুণ চেটিয়াকে ছাড়াই আলোচনাপন্থী অন্য শীর্ষ নেতারা মঙ্গলবারের আলোচনায় যোগ দেন।
স্বরাষ্ট্রসচিবের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর সংগঠনের অন্যতম নেতা শশধর চৌধুরী প্রথম আলোকে বলেন, আলোচনা চূড়ান্ত করতে অনুপ চেটিয়ার অংশ গ্রহণ প্রয়োজন। এই কথাটিই তাঁরা মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন। শশধর চৌধুরী বলেন, ‘আমরা এই কথা আসাম থেকেই বলে দিতে পারতাম। কিন্তু তা না করে সবাই মিলে দিল্লি এসে তা জানিয়ে দিলাম। আমরা বলেছি, অনুপ চেটিয়া সংগঠনের সাধারণ সম্পাদক। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় তিনি ভারতে এসেছেন। তিনি শান্তিকামী এবং আলোচনাপন্থী। আলোচনার এই পর্যায়ে তাঁর যোগদান খুব জরুরি। কাজেই চেটিয়াকে দিল্লি এনে কেন্দ্রীয় সরকার এই আলোচনা ফলপ্রসূ করে তুলুক।’
শশধর চৌধুরী প্রথম আলোকে আরো বলেন, অনুপ চেটিয়াকে ফিরিয়ে আনার জন্য তাঁরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। স্বরাষ্ট্রসচিবকে বলেছেন, চেটিয়াকে ছাড়া কোনো সমাধানসূত্র আসামের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিরা তাঁদের এই মনোভাবকে গুরুত্ব দিয়েছেন।
শশধর চৌধুরীর সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, প্রণতি ডেকা, রাজু বড়ুয়া, মিথিঙ্গা দৈমারি, চিত্রবন হাজারিকা ও প্রদীপ গগৈ। শশধর চৌধুরী জানান, আগামী মাসে ফের আলোচনায় বসার কথা রয়েছে। তাঁদের আশা, ৫ ডিসেম্বর অনুপ চেটিয়ার কারা হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে পরবর্তী আলোচনায় হাজির করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবারের আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। পরবর্তী বৈঠকের তারিখ পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ঠিক করা হবে।