শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের জমি দেখলেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বাংলাদেশ ভবনে’র জমি দেখতে গেলেন বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা।

গতকাল শনিবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মাহাবুব হাসান সালেহ এবং কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম শান্তিনিকেতন যান।

বিকেলে এ দুই কর্মকর্তা জমি পরিদর্শন করেন। ভবন নির্মাণের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতনের ইন্দিরা গান্ধী কেন্দ্রের পেছনের মাঠে এবং দূরদর্শন কেন্দ্র লাগোয়া জায়গা বরাদ্দ করেছে। এই ভবন নির্মাণের জন্য বিশ্বভারতী জায়গা দিয়েছে এবং ভবন নির্মাণের যাবতীয় খরচ বহন করছে বাংলাদেশ সরকার।

এর আগে ১০ মার্চ শান্তিনিকেতনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এই জমি পরিদর্শন করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্তের সঙ্গে বৈঠক করেন।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। এ ছাড়া গ্রন্থাগার, মিলনায়তন, সেমিনার হল, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক। থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্রাবলি।