শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। প্রথম আলো ফাইল ছবি।
শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। প্রথম আলো ফাইল ছবি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। মেলা চলছে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে। এবার মেলা ১২৩ বছরে পা দিয়েছে।

মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে জন্য গোটা মেলা চত্বরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবারের মেলা পরিবেশবান্ধব হিসেবে উদ্‌যাপন করার নির্দেশ দিয়েছেন আদালত। তাই থাকছে না আতশবাজি পোড়ানোর কোনো উৎসব। মেলায় বসানো হয়েছে ২০টি সিসিটিভি, ১২টি ওয়াচ টাওয়ার ও আটটি ড্রপ গেট।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমৃত সেন প্রথম আলোকে বলেন, আজ বৈতালিক, সানাই আর ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই মেলা। ভোর সাড়ে পাঁচটায় গৌর প্রাঙ্গণে বৈতালিক, ছয়টায় শান্তিনিকেতন গৃহে সানাই আর সাড়ে সাতটায় ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পৌষমেলা। মেলার উদ্বোধন করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন কুমার দত্ত। ছয় দিন ধরে চলবে এই মেলা।

প্রতিবছর ৭ পৌষ এই মেলা বসে। মেলা তিন দিন ধরে চলার কথা থাকলেও এই মেলা এবার ছয় দিন ধরে চলবে। এবার এই মেলায় দেশ-বিদেশের বিভিন্ন পণ্যের পসরা নিয়ে দোকান বসেছে ১ হাজার ৩০০টি।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবসকে স্মরণ করে প্রতিবছর বসে এই পৌষ মেলা। ১৩০১ বঙ্গাব্দের ১ পৌষ সূচনা হয়েছিল এই পৌষমেলার। প্রথমে কাচমন্দিরের সামনে এক দিনের জন্য বসত এই মেলা। এখন বসছে পূর্বপল্লির মাঠে।

এই পৌষমেলায় সম্প্রীতির মিলনবন্ধনে একাত্ম হয় সবাই। বাংলাদেশসহ নানা দেশের শিল্পীরা নানা আয়োজনে অংশ নেন।