শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তার চাদরে পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব ও মহররম ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার দুর্গাপূজার দশমীর পরদিন পবিত্র মহররম হওয়ায় রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার জন্য এবং নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন এবং মহররম পালনের জন্য বাড়তি ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ।

আজ শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এক সাংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহাপরিচালক সুরজিৎ পুরকায়স্থ এবং কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।

স্বরাষ্ট্রসচিব বলেছেন, ‘পূজার সময় আমাদের একমাত্র শত্রু গুজব। তাই এই গুজব থেকে আমাদের সাবধান হতে হবে। কোনোভাবেই গুজব রটানো চলবে না। গুজব রটনাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ।’ তিনি এ কথাও বলেছেন, এ-সংক্রান্ত কোনো খবর পেলে অবিলম্বে তা থানায় জানাতে হবে। রাজ্য পুলিশের মহাপরিচালক বলেছেন, এবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একাদশীর দিন রাতেও প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। তবে, তা হবে পুলিশের অনুমতি সাপেক্ষে। পুলিশ বিসর্জনের অনুমতি দিলে তবেই চলবে বিসর্জন। বিসর্জনের সময় পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পাশাপাশি যদি মহররম ও বিসর্জনের শোভাযাত্রা বের হয়, সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নেবে পুলিশ, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

কলকাতার পুলিশ কমিশনার বলেন, এ বছর কলকাতায় ২ হাজার ৬০০ বারোয়ারি পূজা হচ্ছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতায় সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় রাখার জন্য কলকাতা পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া রাজ্যের সব থানাকে পূজা ও মহররমকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের একাদশীর দিন বিসর্জন দেওয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করে নিলে রাজ্য সরকার গতকাল বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আপিল দায়ের করার সিদ্ধান্ত নিলে আজ রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, তারা কলকাতার হাইকোর্ট বিসর্জনের যে নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছেন না। হাইকোর্টের রায়ই পরোক্ষভাবে রাজ্য সরকারের পক্ষে গেছে।