শাস্তি নয়, পুরস্কৃত হলেন মেজর লিতুল গোগই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কৃত করা হয়েছে মেজর লিতুল গোগইকে। জম্মু ও কাশ্মীরে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এক ব্যক্তিকে গাড়ির (জিপ) সামনে বেঁধে ‘মানবঢাল’ করেছিলেন এই ভারতীয় সেনা। এবার তাঁকে ‘চিফ অব আর্মি স্টাফ’ (সিওএএস) কমেন্ডেশন কার্ড প্রদান করেছেন দেশটির ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

ভারতের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। সূত্র জানায়, জঙ্গিবিরোধী অভিযানে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার জন্য মেজর গোগইকে সিওএএস কমেন্ডেশন কার্ড প্রদান করেছে ভারতীয় সেনাবাহিনী। পুরস্কার প্রদানে তাঁর উল্লেখযোগ্য যে অবদান উল্লেখ করা হয়েছে, তা হলো জম্মু ও কাশ্মীরে গত ৯ এপ্রিলে পাথর ছোড়া বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এক ব্যক্তিকে গাড়ির সামনে বেঁধে মানবঢাল করার ঘটনা।

৯ এপ্রিল শ্রীনগরে লোকসভার একটি আসনে উপনির্বাচন চলার সময় ক্ষুব্ধ জনতা নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। তাদের ‘শিক্ষা’ দিতে ‘ফারুক আহমদ দার’ নামের এক যুবককে ঢাল হিসেবে ব্যবহার করেন ৫৩তম রাষ্ট্রীয় রাইফেলসের মেজর লিতুল গোগই। সূত্র জানায়, ওই ঘটনায় তাঁর উপস্থিত বুদ্ধির ব্যাপক তারিফ করা হয়েছে সেনা তরফ থেকে। পাথরের আঘাতে সেনাকর্মী বা নির্বাচনী কর্মকর্তারা আঘাত পেতে পারতেন। তাঁর উপস্থিত বুদ্ধির কারণে তা হয়নি।

গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও চিত্রের মাধ্যমে এ ঘটনা প্রথম প্রকাশ পায়। এতে দেখা যায়, কাশ্মীরের মধ্যাঞ্চলের বড়গাঁও এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ির সামনে মানবঢাল হিসেবে ব্যবহার করতে এক তরুণকে বেঁধে রাখা হয়েছে। ভিডিওটিতে এক সেনা সদস্যকে বলতে শোনা গেছে, ‘যারা পাথর নিক্ষেপ করবে, তারা একই পরিণতি ভোগ করবে।’ ভিডিওটিতে দেখা গেছে, সেনাবাহিনীর টহল দলের সামনে গাড়িটি এগিয়ে চলছে। বীরওয়াহর গুনদিপোরা এলাকায় ঘটনাটি ঘটে।

ভিডিওটি প্রকাশের পর কঠোর সমালোচনা হয় বিভিন্ন গণমাধ্যমে। এ ঘটনায় ভারতীয় সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে জম্মু ও কাশ্মীরের পুলিশ। তবে এবার তাঁকে পুরস্কৃত করল ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুন: