শিগগিরই ফিরবে রাহুল: সোনিয়া

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী শিগগিরই ফিরবেন বলে আশার কথা শুনিয়েছেন তাঁর মা সোনিয়া গান্ধী।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার রাহুলের নিজ নির্বাচনী এলাকা উত্তর প্রদেশের আমেথিতে এ কথা বলেন কংগ্রেস দলের সভানেত্রী। নিজের নির্বাচনী আসন একই প্রদেশের রায়বেরিলি সফরের সময় আমেথিতেও যান সোনিয়া।
রাহুল দল থেকে ছুটি নিয়ে মাস খানেকের বেশি সময় ‘বিশ্রামে’ রয়েছেন। এ নিয়ে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে নানা গুঞ্জন রয়েছে। রাহুলকে ‘নিখোঁজ’ ঘোষণা দিয়ে উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে এরই মধ্যে পোস্টার সাঁটিয়েছে বিজেপি। আমেথি ‘নেতাহীন’ হয়ে পড়েছে বলেও পোস্টারে উল্লেখ করা হয়। এ ঘটনার পরই আমেথিতে গেলেন সোনিয়া।
রাহুল শিগগিরই ফিরবেন উল্লেখ করে কংগ্রেসের সভানেত্রী বলেন, ‘রাহুল ও প্রিয়াঙ্কার পক্ষে আমি এখানে এসেছি। আমরা একটা পরিবার। রায়বেরিলি-আমেথি কোনো ব্যাপার না। উভয়ই আমাদের আসন। আমি এখানেও কাজ করেছি। এটা আমার বাড়ির মতোই। আমি বা রাহুলের মধ্যে কোনো পার্থক্য নেই।’
১৬ ফেব্রুয়ারি থেকে ছুটিতে আছেন রাহুল। এরপর তিন দফায় ছুটি বাড়িয়েছেন তিনি। ছুটি শেষে চলতি মাসের শেষে তাঁর নয়াদিল্লিতে ফেরার কথা।
রাহুলের ছুটি নেওয়া এবং বর্তমান অবস্থান নিয়ে দলের ভেতরে-বাইরে নানা ধূম্রজাল রয়েছে। কেউ বলছেন, তিনি নতুন আরও বড় দায়িত্ব নেওয়ার আগে ‘রাজনৈতিক আত্মানুসন্ধানে’ ব্যস্ত। কেউবা বলছেন, নিজের মতো দল সাজাতে না পারায় ক্ষুব্ধ রাহুল গা ঢাকা দিয়েছেন। দলের কেউই তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারছেন না।
আরও জানতে পড়ুন: