মানালিতে ইসরায়েলি নারীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পর্যটন শহর মানালিতে ইসরায়েলি এক নারীকে দুই ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজ সোমবার বিষয়টি জানিয়েছেন।

এএফপির খবরে জানানো হয়, পুলিশ কর্মকর্তা পাদাম চন্দ বলেন, গতকাল রোববার সকালে ওই নারী কাছের একটি শহরে যেতে ট্যাক্সি মনে করে একটি গাড়িতে ওঠেন। ওই গাড়িতে ছয়জন ব্যক্তি ছিল। নারীর অভিযোগ, গাড়ির আরোহীদের মধ্যে দুজন তাঁকে ধর্ষণ করে।

কয়েক দিন আগেই বন্ধুদের নিয়ে মানালিতে বেড়াতে গিয়েছিলেন ওই নারী। সেখান থেকে তিনি কিলং এলাকায় যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা চন্দ বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত চলছে। ইসরায়েলি দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগির হামলাকারীকে ধরা সম্ভব হবে।

ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানালির আরেক পুলিশ কর্মকর্তা গান্ধী রাম বলেন, মান্দি শহরের আরেকটি হাসপাতালে ওই নারীকে নেওয়া হচ্ছে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

২০১৩ সালে মানালিতে আরেক মার্কিন নারীকে তিনজন ব্যক্তি ধর্ষণ করে। ২০১২ সালে ওই একই জায়গায় অস্ট্রেলীয় নারীকে ধর্ষণ করা হয়।