শিল্প ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মমতার
শিল্প বলতে যা বোঝায়, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে তা হয়নি। যদিও দেশের শিল্পমহলের পরিচিত মুখকেই মমতা পাঁচ বছর আগে টেনে নিয়েছিলেন। দেশের অন্যতম প্রধান বণিকসভা ‘ফিকি’র সেক্রেটারি জেনারেল অমিত মিত্রর হাতে তুলে দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। এবার সেই শীর্ণকায় অথচ দীর্ঘ অমিতের কাঁধে তিনি চাপিয়ে দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের বাড়তি বোঝা।
জনতাকে সাক্ষী রেখে শুক্রবার কলকাতার রেড রোডে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের শপথ গ্রহণের পর মমতা যে মন্ত্রিসভা গঠন করলেন, অমিত মিত্রকে অমিত শক্তিধর করে তোলার মধ্য দিয়ে মমতা তাঁর দ্বিতীয় ইনিংসের অভিমুখের ইঙ্গিতটুকু প্রকাশ করে দিলেন। এই পাঁচ বছরে তাঁর লক্ষ্য শিল্পায়নের মধ্য দিয়ে আরও কর্মসংস্থান, বেকারদের সাকার করে তোলা। অমিত মিত্রের ঘাড়েই অর্পিত সেই দায়িত্ব।
শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জমির প্রশ্ন। জমি নীতিতে রাজ্যে এখনো তেমন কোনো পরিবর্তন আনেননি মমতা। সেই দায়িত্ব আর কারও ওপরেও দিতে চান না বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর মমতা এবারও নিজের হাতে রেখেছেন। আর রেখেছেন স্বরাষ্ট্র, পরিবার কল্যাণ, তথ্য ও সংস্কৃতি, পাহাড় উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন, কর্মী বর্গ ও প্রশাসনিক দপ্তর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প। এর মধ্য দিয়েই স্পষ্ট, আগামী দিনে মন্ত্রিসভার বহর আরও কিছুটা বাড়ানোর অবকাশ তিনি রেখে দিলেন।
বিদায়ী মন্ত্রিসভার দশ জন এবার জিততে পারেননি। যাঁরা জিতেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ রয়েছেন যাঁদের বিরুদ্ধে ‘নারদ স্টিং কাণ্ডের’ অপবাদ স্পষ্ট। যেমন সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী। এঁদের কাউকেই মুখ্যমন্ত্রী ব্রাত্য করেননি, যদিও ভোটের প্রচারে একসময় বলেছিলেন, আগে জানলে টিকিট দিতেন না। সেটা যে নেহাতই ছিল কথার কথা, মন্ত্রিসভা গঠনে এঁদের ভূমিকায় তা স্পষ্ট। সুব্রত মুখোপাধ্যায়ের ওপর দায়িত্ব ছিল পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। তাঁর কাজের সুফল ভোট-মেশিনে প্রতিফলিত। এবারও তাই সুব্রতর দপ্তর বদলায়নি। শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র ছিলেন। এবার তাঁর প্রমোশন ঘটল। মেয়রের দায়িত্বের পাশাপাশি পেলেন আবাসন দপ্তরের ভার। সঙ্গে ফাউ হিসেবে দমকল বিভাগ। ফিরহাদ হাকিমের দপ্তরও বদল করা হয়নি। ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে, এবারেও থাকলেন সেখানেই। শুভেন্দু অধিকারী ছিলেন লোকসভার সদস্য। শনিবারই তিনি লোকসভার স্পিকারকে তাঁর ইস্তফার কথা জানিয়ে দিলেন। মমতা তাঁকে দিয়েছেন পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব, যে-দায়িত্বে ছিলেন জেলবন্দী মদন মিত্র। দপ্তর বদল করেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। গত পাঁচ বছরে রাজ্যে বিদ্যুতের অসম্ভব উন্নতি করেও হেরে গেছেন সাবেক আমলা মণীশ গুপ্ত, স্বাস্থ্যের দায়িত্বে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য। এই দুজনকে কাজে লাগানোর কথা আগাম জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত বিদ্যুতের ভার তুলে দিয়েছেন ট্রেড ইউনিয়ন নেতা শোভন দেব চট্টোপাধ্যায়ের হাতে। আর, তথ্য প্রযুক্তির গুরুদায়িত্বে এনেছেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুকে।
মন্ত্রিসভায় মুসলমান রয়েছেন ৬ জন। এঁদের মধ্যে পূর্ণমন্ত্রী তিনজন। ফিরহাদ হাকিম, জাভেদ খান ও আবদুর রেজ্জাক মোল্লা। রেজ্জাক সাহেব সিপিএম ছেড়ে তৃণমূলে এসে জিতে মন্ত্রী হয়ে দৃষ্টান্ত রাখলেন। তাঁর দায়িত্ব খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন। সিদ্দিকুল্লা চৌধুরী নিজের দল গুটিয়ে দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রী। তাঁরই মতো প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লার দায়িত্ব সংখ্যালঘু উন্নয়ন, জাকির হুসেনের শ্রম। মুখ্যমন্ত্রী ছাড়া মহিলা মন্ত্রী রয়েছেন তিনজন। বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন ও সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা প্রথমবার ভোটে জিতেই মন্ত্রী হয়ে গেলেন। ইন্দ্রনীল হলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, লক্ষ্মীরতন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের।
পাঁচ বছরে প্রধানত গ্রামীণ ও প্রান্তিক মানুষদের সুরাহার দিকে নজর দিয়ে আরও শক্তি বাড়িয়ে ফিরে এসে এবার মমতার নজরে শিল্প ও বিকাশের পাশাপাশি ঘুরছে কর্মসংস্থানের তাগিদ।