শিল্প ফেরত চায় সেই সিঙ্গুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গুরে টাটার পরিত্যক্ত কারখানা l ভাস্কর ব্যানার্জি
সিঙ্গুরে টাটার পরিত্যক্ত কারখানা l ভাস্কর ব্যানার্জি

টাটা কোম্পানির ন্যানো গাড়ি তৈরির কারখানা করার কথা ছিল হুগলি জেলার এ জায়গাটিতে। সে জন্য কয়েকটি স্থাপনাও তৈরি হয়েছিল। তারপরের ঘটনা ইতিহাস। টাটাকে রাজ্যছাড়া করা তৃণমূল কংগ্রেস সরকারের প্রায় এক মেয়াদ পর গতকাল বৃহস্পতিবার সিঙ্গুরে গিয়ে পা দিয়ে অন্য রকম অনুভূতি। গা পোড়ানো রোদ্দুরে ঝলসে যাচ্ছিল সেই না হওয়া কারখানার কঙ্কাল।
ফটক দিয়েই দেখা গেল নীল-সাদা রঙের কয়েকটি বিশাল শেড বা চালাঘর। ভেতরটা শূন্য। পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে ন্যানো কারখানা গড়ে তুলেছে টাটা।
আমাদের দেখে দুজন গ্রামবাসী এগিয়ে এলেন। দুজনেই বললেন, এখনো তাকিয়ে আছেন এই কারখানার দিকে।
২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সিঙ্গুরের ৯৯৭ একর জমি তুলে দিয়েছিল টাটার হাতে। কিন্তু অন্তত ৪০০ একর কৃষিজমির মালিকেরা সেদিন আপত্তি তোলেন। এই নিয়ে সিঙ্গুরে শুরু হয় তুলকালাম অধিগ্রহণবিরোধী আন্দোলন। স্থানীয় মানুষের এই আন্দোলনে রসদ জোগান তখনকার বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে কৃষকদের জমি ফিরিয়ে দেবেন।
সিঙ্গুরের ওই আন্দোলনের পাশাপাশি নন্দীগ্রামেও শিল্পকারখানার জমি অধিগ্রহণ নিয়ে আন্দোলন হয়। আন্দোলনের মুখে উভয় এলাকায় শিল্প স্থাপন বন্ধ হয়ে যায়। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল বিজয়ে এই দুই আন্দোলনের ভূমিকা ছিল ব্যাপক।
কিন্তু তখন ‘শিল্পে অনিচ্ছুক’ সিঙ্গুরের মানুষের মত পাল্টাল কেন?
সিঙ্গুরের বাজারে কথা হলো দোকানদার বাবলু দাস মোদক ও কৃষক আশীষ মণ্ডলের সঙ্গে। তাঁরা বললেন, স্থানীয় মানুষ বুঝতে পেরেছে, টাটাকে তাড়িয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ বছরেও জমি ফেরত দিতে পারেননি মমতা। কবে ফেরত দেবেন, তা-ও বলতে পারছেন না। তাই যেসব কৃষক সেদিন মমতার সঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের একাংশ আবার শিল্পে ফিরতে চাইছে।
পশ্চিমবঙ্গে চলমান বিধানসভার নির্বাচনে পঞ্চম পর্বে আগামীকাল সিঙ্গুর আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সিপিএমের প্রার্থী কেন্দ্রীয় নেতা রবীন দেব বললেন, ‘জয়ের আশা করছি। মানুষের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
সিঙ্গুরের মানুষের মধ্যে জমি ফেরত না পাওয়া নিয়ে ক্ষোভ আছে, তা স্বীকার করেন তৃণমূলের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তবে শেষ পর্যন্ত জয় পাবেন, এমনটাই দাবি তাঁরও। সিঙ্গুর কোন দিকে ঝোঁকে, সেটাই এখন দেখার।