সাহারার কাছ থেকে টাকা নিয়েছিলেন মোদি, তোপ রাহুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও  রাহুল গান্ধী
নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

সংসদে যে কথা বলার সুযোগ পাননি, সে কথাই গুজরাটের মাটিতে দাঁড়িয়ে বলে হুলুস্থুল বাধিয়ে দিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের মেহসানায় এক জনসভায় আজ বুধবার রাহুল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন শিল্পপতিদের কাছ থেকে মোদি কোটি কোটি টাকা নিয়েছিলেন। তিনি এর তদন্ত দাবি করেছেন।
রাহুলের এ অভিযোগের পরপরই বিজেপির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। দলের শীর্ষ নেতা ও মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, অভিযোগ অবান্তর। সুপ্রিম কোর্টও এ অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গার মতো পবিত্র, রাহুলেরও কোনো বিশ্বাসযোগ্যতা নেই।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাহুল এ অভিযোগগুলোই বলতে চেয়েছিলেন। কিন্তু বলার সুযোগ না পেয়ে বলেছিলেন, বলতে দিলে ভূমিকম্প বেধে যাবে। তিনি বলেছিলেন, তাঁর কাছে এমন তথ্য-প্রমাণ রয়েছে, যা নরেন্দ্র মোদির ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ।
গুজরাটে বুধবারের জনসভায় রাহুল বলেন, আয়কর বিভাগের তল্লাশিতে পাওয়া তথ্য অনুযায়ী, সাহারা গোষ্ঠী ২০১৩ সালে ছয় মাসে নয়বার তৎকালীন মুখ্যমন্ত্রীকে টাকা দিয়েছে। ২০১৪ সালের ২২ নভেম্বর আয়কর বিভাগের তল্লাশিতে উদ্ধার হওয়া ডায়েরিতে এ তথ্য রয়েছে। অথচ আড়াই বছর ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাহুলের প্রশ্ন, এই টাকা মোদি নিয়েছিলেন কি না। তাঁর দাবি, এ বিষয়ে তদন্ত করা হোক।
রাহুলের অভিযোগ জানাজানি হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন রবিশঙ্কর প্রসাদ। রাহুলের অভিযোগের জবাবে তিনি বলেন, ১০ বছরের রাজত্বে কংগ্রেস যাবতীয় দুর্নীতির আধারে পরিণত হয়েছিল। একের পর এক দুর্নীতির কারণেই জনগণ তাদের ত্যাগ করেছে। একের পর এক নির্বাচনে হেরে রাহুল ও কংগ্রেস বিশ্বাসযোগ্যতা হারিয়ে ভিত্তিহীন সব অভিযোগ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গঙ্গার মতো পবিত্র জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এ অভিযোগ খারিজ করেছেন। রবিশঙ্করের কথায়, কার কোন ডায়েরিতে কী লেখা আছে, তা নিয়ে অভিযোগ তোলা হাস্যকর।
অতীতে অবশ্য একাধিক অর্থনৈতিক দুর্নীতির তদন্তে ডায়েরি এক মুখ্য ভূমিকা নিয়েছিল। বোফোর্স, জৈন হাওয়ালা, অগস্ত ওয়েস্টল্যান্ড হেলিকপ্টারসহ দুর্নীতির বহু মামলায় ডায়েরির একটা বড় ভূমিকা ছিল। এ ক্ষেত্রেও রাহুলের বক্তব্য, অভিযোগ উড়িয়ে না দিয়ে সরকার বরং তদন্তের নির্দেশ দিক।