শিল্পী যোগেন চৌধুরীর রথ দেখা, কলা বেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রথ দেখার সঙ্গে কলা বেচার একটা সম্পর্ক নাকি আছে। লোকে বলে, শুনে আসছি সেই ছেলেবেলা থেকে। কিংবা ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। এ উপমহাদেশে এই মুহূর্তের অন্যতম সেরা চিত্রশিল্পী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরী এ দুই প্রবচনের অপরূপ উদাহরণ হতে পারেন। কেননা,
বছর খানেক ধরে রাজ্যসভার সদস্য থাকাকালীন যত দিন তিনি সভায় উপস্থিত হয়েছেন, প্রায় নিয়ম করেই সহসদস্যদের স্কেচ-বন্দী করে চলেছেন। এটা তাঁর নবতম নেশা।
যোগেনবাবু যা করছেন, তা কিন্তু নিতান্তই সাদামাটা। সদস্যদের মুড ধরার জন্য তিনি বেছে নিয়েছেন রাজ্যসভার সদস্যদের দেওয়া প্যাড ও সাধারণ কলম। যেদিন তিনি স্কেচ করেন, প্যাডের ওপর সেদিনের তারিখ লেখেন।
হয়তো কোনো প্রশ্নোত্তর চলছে, তা নিয়ে চাপান-উতোর, মন্ত্রী উত্তর দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন অথবা অনায়াসে উত্তর দিচ্ছেন—এসব মুড ধরার চেষ্টা করছেন শিল্পী যোগেন চৌধুরী। যেমন, অর্থমন্ত্রী অরুণ জেটলি। কালোটাকা নিয়ে বিতর্ক চলছে। যোগেন বললেন, ‘জেটলির মুডটা ধরে ফেললাম। কিন্তু কেন যেন মনে হলো কালোটাকার পাহাড়টা ওঁর মাথার পেছনে ভার হয়ে ঝুলে রয়েছে। কিংবা সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর চোখেমুখে কখনো কোনো কিছুরই প্রতিক্রিয়া ধরা পড়ে না। সেটা যেন এক চিরকালীন ভাবলেশহীন অবয়ব। অথবা রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সভা পরিচালনা করতে মাঝেমধ্যেই হিমশিম হাল হয় তাঁর। মনে হয়, তিনি হয়তো ভাবেন এটা একটা থ্যাংকলেস কাজ। সদস্যদের স্কেচ করার সময় এই অনুভূতিগুলো ধরার চেষ্টা করি।’
ইতিমধ্যেই ৩০-৪০ পৃষ্ঠায় প্রায় ১০০ স্কেচ এঁকে ফেলেছেন যোগেন। কারও কারও আবার একাধিক স্কেচ। ‘একটা মুশকিল হলো, আমার জন্য সভায় যে আসনটি নির্দিষ্ট, তাতে বসেই আমাকে আঁকতে হয়। সেখান থেকে যাঁদের স্পষ্ট দেখা যায়, তাঁদেরই আঁকতে পারি। ফলে কিছুটা লিমিটেশন থাকে। কারণ, আমার সামনে যাঁরা রয়েছেন, তাঁরা তো আমার দিকে তাকিয়ে থাকতে পারবেন না। তাই সবাইকে ধরতে পারিনি।’ তা না পারলেও যোগেন চৌধুরীর চেষ্টায় খামতি নেই। খসখস করে তিনি এঁকেই চলেছেন।
কী করবেন এই স্কেচ দিয়ে? রাজ্যসভাকে দিয়ে দেবেন? কথাটা শোনামাত্র যোগেনবাবু বললেন, না না। বই করব। কী রকম বই হবে, তার আভাসও দিলেন। ‘স্কেচ করার সঙ্গে সঙ্গে আমি পাশে নোটও লিখে রাখছি। যে তারিখে স্কেচ করছি, সেই দিনের গুরুত্বপূর্ণ বিতর্ক, প্রশ্ন ও তার উত্তর—সেসবও নোট করে রাখছি। স্কেচের পাশাপাশি বইয়ে তারও উল্লেখ থাকবে।’ একটু থেমে বললেন, ‘এম এফ হুসেন যখন রাজ্যসভার সদস্য ছিলেন, সে সময় তিনিও এ ধরনের একটা স্কেচের বই ছাপিয়েছিলেন। কিন্তু সেটা ছিল কল্পনার মোড়ক। আমারটা হবে সেই নির্দিষ্ট দিনের ঘটনার পরিপ্রেক্ষিত ও পটভূমিতে। আমার বইতে কল্পনার বদলে থাকবে বাস্তবতা।’ বললেন যোগেন।
যোগেন চৌধুরীর এই ‘ধান ভানা’র খবর ইতিমধ্যেই বেশ রাষ্ট্র হয়ে গেছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল খুব আগ্রহ দেখিয়েছেন। ফলে দুটি জিনিস হয়েছে। এক, যোগেনবাবু সভায় যতক্ষণ থাকেন, ততক্ষণ অনেকেই তাঁর কাছাকাছি থাকার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করেন তিনি স্কেচের সাবজেক্ট হচ্ছেন কি না। হলে চোখাচুখির সুযোগ নেন। দুই, অনেকেই সরাসরি জানতে চান, তাঁদের স্কেচটা করেছি কি না কিংবা কবে করব। কোনো কোনো মন্ত্রী আবার স্কেচ দেখে রাজ্যসভার প্যাডেই দুই লাইন লিখে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। যোগেনবাবুর ফাইলে সব রাখা। এসবও হয়তো তাঁর আগামী দিনের বইয়ের অংশবিশেষ।
মেয়াদ থাকতে থাকতেই কাজটা শেষ করবেন যোগেন চৌধুরী। বইয়ের নাম এখনো ঠিক করেননি। তবে, ‘ডায়েরি অব রাজ্যসভা বা ওই জাতীয় কিছু একটা রাখব ভাবছি।’ বললেন এক মাথা কাঁচা-পাকা ঝাঁকড়া চুলের অধিকারী শিল্পী।