শিল্পীকে আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ, পুলিশের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর প্রতিমূর্তি নিয়ে আয়োজন করা এক প্রদর্শনীতে পুলিশের অভিযান ও দুই শিল্পীকে আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। একই সঙ্গে এ ঘটনায় ক্ষমা চেয়েছে রাজস্থানের পুলিশ। ঘটনার পর স্থানীয় থানার প্রধানকেও সরিয়ে দেওয়া হয়েছে। খবর ভারতের দৈনিক পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রাজস্থানের জয়পুর আর্ট সামিটে ওই প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে হিলিয়াম গ্যাসভর্তি বেলুনে প্লাস্টিকের তৈরি একটি গরুর প্রতিমূর্তিকে বেঁধে মাটি থেকে কয়েক ফুট ওপরে বিশেষ কায়দায় ঝুলিয়ে রাখা হয়। আর বিষয়টিকে সহজভাবে নেননি হিন্দুবাদী কর্মীরা। তাঁরা এ শিল্পকে গরুর প্রতি অপমানজনক বলে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে গত শনিবার সেখানে অভিযান চালিয়ে পুলিশ গরুর প্রতিমূর্তিটি জব্দ করে। পরে হিন্দুবাদী কর্মীরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন। আর এ অভিযানের প্রতিবাদ করায় পুলিশ চিন্তন উপাধ্যায়া ও আনিশ আহলুওয়ালিয়া নামের দুজন শিল্পীকে কিছু সময়ের জন্য আটক করে। অভিযান ও আটকের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এ অভিযানকে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতার আলামত বলে মত প্রকাশ করেন।
এ সবকিছুর পরিপ্রেক্ষিতে আজ সোমবার টুইটারে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন রাজস্থানে মুখ্যমন্ত্রী। টুইটার বার্তায় তিনি উল্লেখ করেন, ‘জয়পুরের পুলিশ কমিশনারও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। আর স্থানীয় পু​লিশপ্রধানকে সরিয়ে নেওয়া হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে ওই গরুর প্রতিমূর্তির শিল্পীর সঙ্গে কথা বলেছি।’
গরুর প্রতিমূর্তির শিল্পী সিদ্ধার্থ কারাওয়াল বলেন, তিনি তাঁর এ শিল্পের মাধ্যমে গরুর বর্তমান যন্ত্রণাকে তুলে ধরতে চেয়েছেন। কিন্তু কিছু মানুষ গরুকে ফাঁসি দেওয়া হয়েছে বলে মনে করেছেন। তাই তাঁরা বিষয়টিকে গরুর প্রতি অপমান বলে অভিযোগ করেছেন।
এদিকে আর্ট সামিটের পরিচালক বলেছেন, ‘আমরা কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না। তাই এ অনুষ্ঠান আর শুরু করছি না।’