শিশুটি গর্ভপাত ঘটাতে পারবে না
ভারতে ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১০ বছরের শিশুটি গর্ভপাত ঘটাতে পারবে না। শিশুটির গর্ভপাত করাতে পরিবারের আবেদন চিকিৎসকদের পরামর্শে নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
গতকাল শুক্রবার প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি চন্দ্রচুরের ডিভিশন বেঞ্চ শিশুটির গর্ভপাত ঘটানোর বিষয়টি নিয়ে চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হাসপাতাল-সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শিশুটি গর্ভপাত ঘটাতে পারবে কি না, এ বিষয়ে পরীক্ষা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালের (পিজিআই) চিকিৎসকেরা শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দেন।
চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়, শিশুটি এখন সাত মাসের (৩২ সপ্তাহ) অন্তঃসত্ত্বা। এই সময়ে গর্ভপাত করানো শিশুটি ও তার ভ্রূণের জন্য খুব ক্ষতিকর হবে। এতে শিশুটির প্রাণহানির আশঙ্কাও রয়েছে।
বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শিশুটি তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়। সে এখন ৩২ সপ্তাহের (সাত মাস) অন্তঃসত্ত্বা। পুলিশ শিশুটির মামাকে গ্রেপ্তার করেছে।
প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা একজন নিম্নশ্রেণির সরকারি কর্মচারী, মা গৃহকর্মী। দরিদ্র পরিবারের এই শিশুটি তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। দুই সপ্তাহ আগে পেটের তীব্র ব্যথা নিয়ে মা-বাবা তাকে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করে বলেন, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার শরীর সন্তান ধারণের জন্য মোটেও উপযুক্ত নয়। এ কারণে শিশুটিকে বাঁচাতে চিকিৎসকদের পরামর্শে গর্ভপাত করানোর জন্য আদালতে আবেদন করেন শিশুটির মা-বাবা। কিন্তু চণ্ডীগড় জেলার আদালত ওই আবেদন খারিজ করে দেন। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এবার সুপ্রিম কোর্টও ওই আবেদন খারিজ করে দিলেন।
এর আগে শিশুটির আইনজীবী অলক শ্রীবাস্তব বলেছিলেন, পরীক্ষা করার পর চিকিৎসকেরা বলেন, সন্তান ধারণের জন্য শিশুটির তলপেটে থাকা হাড় এখনো সেভাবে গঠিত হয়নি। এ কারণে অনাগত সন্তান ও তার মায়ের জীবন খুব ঝুঁকির মধ্যে রয়েছে। ১০ বছর বয়সী ওই শিশুটি স্বাভাবিক প্রসব বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিলেও তা ঝুঁকিপূর্ণ।
ভারতীয় আইনে অন্তঃসত্ত্বার ২০ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ। নারী-পুরুষের আনুপাতিক বৈষম্য কমাতে এই কঠোর আইন করা হয়েছে। ভারতের সংস্কৃতিতে দীর্ঘদিনের গেড়ে বসা প্রথা অনুযায়ী, দেশটিতে ছেলেসন্তানকে অগ্রাধিকার দেওয়া হয়। এ কারণে বছরের পর বছর লাখো মেয়েশিশুর ভ্রূণ হত্যার ঘটনা ঘটে। ২০ সপ্তাহ পর ভ্রূণের লিঙ্গ জানার পর এসব হত্যার ঘটনা ঘটে বলে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দাখিল করা হয়। এই পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা কয়েকজন নারী রয়েছেন, যাঁরা ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে চান। এ বিষয়টি আদালত সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়ে থাকেন।
এর আগে চলতি মাসেই ভ্রূণের ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের অনুমতি দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্ট। অস্বাভাবিক ভ্রূণের পরিস্থিতি বিবেচনা করে আদালত এ অনুমতি দিয়েছিলেন।
গত মে মাসে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতাকে সৎবাবার দ্বারা ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ১০ বছর বয়সী এক শিশুর গর্ভপাত ঘটানো হয়। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিজিআইএমএস) চিকিৎসকেরা শিশুটির গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন...