শিশুদের সহায়তা করাই সত্যার্থীর নেশা

দরিদ্র শিশুদের জীবনমানের উন্নয়নে সহায়তা করাই প্রধান নেশা বলে জানালেন এ বছর শান্তিতে নোবেলজয়ী ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী। নরওয়ের রাজধানী অসলোতে তিনি পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে আজ বুধবার নোবেল শান্তি পদক হাতে নেওয়ার আগে এ কথা বলেন।
বিদ্যালয়ে যাওয়ার বদলে জুতা পরিষ্কার করছে এক শিশু—ছোটবেলায় দেখা এই নির্মম বাস্তবচিত্রটি পরবর্তী সময়ে কৈলাস সত্যার্থীকে শিশুদের অধিকার নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। শিশু বয়সেই কৈলাসের মনে ছাপ ফেলে মানুষে মানুষে বৈষম্যের বিষয়টি। স্কুলের শিক্ষকদের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাঁরা বলেছিলেন, ‘ওরা গরিব, তাই পড়তে পারে না।’ ওই জবাব শিশু কৈলাসের পছন্দ হয়নি। একদিন জুতা পরিষ্কার করা ছেলেটির বাবার কাছেই চলে গেলেন তিনি। জিজ্ঞেস করলেন, ‘আমরা সবাই যখন স্কুলে যাই, ও কেন যায় না?’
ছেলেটির বাবার জবাব ছিল, ‘কাজ করতেই জন্ম হয়েছে আমাদের।’
কৈলাস বলেন, ‘আমি সেদিন বুঝতে পারিনি, কেন কিছু মানুষ শুধু কাজের জন্যই জন্মাবে আর অন্যরা জীবনকে নানাভাবে উপভোগ করবে।’
অথচ শিশুশ্রমের মতো এই ব্যাধি রোধে গত শতকের আশির দশক পর্যন্ত কোনো আইনই ছিল না। একপর্যায়ে ১৯৮৯ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদ গৃহীত হয়। কৈলাস শিশুশ্রমের দিক থেকে শীর্ষে থাকা ভারতে শিশুশ্রম বন্ধে সোচ্চার হন। শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য একপর্যায়ে প্রকৌশলী কৈলাস চাকরিই ছেড়ে দিলেন। গড়ে তোলেন ‘বাচপান বাঁচাও আন্দোলন’। এখন বিশ্বের ১৪০টি দেশে কাজ করছে তাঁর সংগঠনটি। বিশ্বব্যাপী নানাভাবে দুর্গত, বিপন্ন শিশুদের পুনর্বাসনে কাজ করে সংগঠনটি।
কৈলাস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লাখ লাখ শিশু যারা শৈশববঞ্চিত, তাদের জন্য এই পুরস্কার গুরুত্বপূর্ণ। কারণ, এটি প্রচলিত শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। সচেতনতাই যেকোনো পরিবর্তনের শুভ সূচনা ঘটায়।’
১৯৮১ সালে ভারতের পাঞ্জাবের শেরহিন্দ এলাকায় প্রথম একটি মেয়েকে উদ্ধারের মাধ্যমে কাজ শুরু করে ‘বাচপান বাঁচাও আন্দোলন’। সেই ঘটনার কথা স্মরণ করে কৈলাস বলেন, ‘মেয়েটির বাবা আমাদের কাছে এসেছিলেন। আমরা সংঘর্ষ জারি রহেগা নামের একটি সাময়িকী বের করতাম। তিনি পত্রিকায় মেয়েটির দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন করার অনুরোধ জানিয়ে ছিলেন। তবে আমার মনে হয়েছিল, প্রতিবেদন যথেষ্ট নয়। মনে হয়েছিল, আমাকে কিছু একটা করতে হবে। কেননা, ১৩-১৪ বছরের মেয়েটিকে হয়তো শেষ পর্যন্ত যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হবে।’ এভাবেই শুরু। তারপর অসংখ্য শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে সহায়তা করেছেন কৈলাস সত্যার্থী। এ কাজেই তাঁর প্রশান্তি। বলেন, ‘যখন কোনো শিশুকে সহায়তা করি আর তার চোখের দিকে তাকাই, মনে হয় ওরাই আমাকে মুক্তি দিচ্ছে।’
নিজের এই কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন কৈলাস সত্যার্থী। আশাজাগানিয়া বাণীও শোনালেন, ‘ভারতের হাজারো সমস্যা আছে। তবে এসবের সমাধানের লাখো পথও রয়েছে।’
কৈলাসের বিশ্বাস, তাঁর জীবদ্দশাতেই শিশুশ্রম নির্মূল করা সম্ভব। ৬০ বছর বয়সী মৃদুভাষী এই নোবেলজয়ী বলেন, ‘আমি আশা করি, আমার জীবদ্দশায় এর (শিশুশ্রম) সমাপ্তি ঘটবে। তবে তার জন্য আমাদের সবাইকে শিশুশ্রমের বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যমতে, ২০০০ সালের পর শিশুশ্রমের হার এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। তবে এখনো বিশ্বে কমপক্ষে ১৬ কোটি ৮০ লাখ শিশুশ্রমিক রয়েছে। আর ইউনিসেফের ধারণা, শুধু ভারতেই শিশুশ্রমিকের সংখ্যা দুই কোটি ৮০ লাখের কাছাকাছি।
কৈলাস সত্যার্থী ১৯৫৪ সালের ১১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন। তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিধারী কৈলাস আশির দশক থেকে শিশু অধিকার নিয়ে কাজ শুরু করেন। তিনি অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভীষণ ভক্ত। তাঁর ভাষায়, ‘আমরা এমন এক মাটিতে জন্মগ্রহণ করেছি, যেখানে মহাত্মা গান্ধী সব সমস্যার সমাধান করতেন শান্তি আর অহিংসা দিয়ে। আমি শতভাগ অহিংস উপায়েই আমার কাজ করে যাচ্ছি। আমি আমার সংগ্রামের সবকিছুতে শান্তিময় পথেই বিশ্বাস করি।’
কৈলাস এবার যার সঙ্গে পুরস্কারটি ভাগাভাগি করছেন, সেই কিশোরী মালালাকে সবচেয়ে সাহসী শিশু বলে অভিহিত করে তার ভূয়সী প্রশংসা করলেন।