শিশুর মৃত্যুতে কাশ্মীরে ফের কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীরের শ্রীনগরে পুলিশের পেলেট গানের গুলিতে নিহত ১২ বছর বয়সী শিশু জুনাইদ আহমেদের লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময় লাশ বহনকারী স্বজনদের ওপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে l এএফপি
কাশ্মীরের শ্রীনগরে পুলিশের পেলেট গানের গুলিতে নিহত ১২ বছর বয়সী শিশু জুনাইদ আহমেদের লাশ দাফন করতে নিয়ে যাওয়ার সময় লাশ বহনকারী স্বজনদের ওপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে l এএফপি

প্রায় এক সপ্তাহ পর ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকা ফের অশান্ত হয়ে উঠেছে। আরও একবার সাতটি থানা এলাকায় জারি করা হয়েছে কারফিউ। গতকাল শনিবার ১২ বছরের শিশু জুনায়েদ আহমেদের মৃত্যুকে ঘিরে ফের রাজপথ উত্তপ্ত হচ্ছে কাশ্মীরে। আগের দিন শুক্রবার পুলিশের ছোড়া পেলেটের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি।
উপত্যকার শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের এক ডাক্তার সাংবাদিকদের বলেন, পেলেটের ছররা জুনায়েদের মগজে ঢুকে গিয়েছিল। তাতেই মৃত্যু হয়। এ নিয়ে তিন মাস ধরে চলা সহিংসতায় অশান্ত উপত্যকায় মোট ৯১ জনের মৃত্যু হলো।
উরি হামলা এবং এর জবাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের (সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা) পর থেকে উপত্যকার বিক্ষোভ হঠাৎই দিন কয়েকের জন্য স্তিমিত হয়ে পড়েছিল। জনজীবনও ক্রমশ স্বাভাবিক হয়ে আসছিল। ফলে রাজধানী শ্রীনগরের সাতটি থানা এলাকা থেকে প্রথমে আংশিকভাবে, পরে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়।
পাকিস্তান সরকারিভাবে এ অভিযোগও করেছিল যে কাশ্মীর থেকে চোখ ফেরানোর জন্যই ভারত সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জানাচ্ছে। এ অবস্থায় মধ্যে গত শুক্রবার শ্রীনগরের সইদপুরা অঞ্চলে হঠাৎই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। উত্তেজিত জনতা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে প্রথমে কাঁদানে গ্যাস এবং পরে পেলেট ছোড়ে ভারতীয় বাহিনী। শিশু জুনায়েদ সে সময় তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। পেলেটের আঘাতে সে আহত হয়।
গতকাল জুনায়েদের লাশ দাফনের জন্য নিয়ে আসা হলে কয়েক শ মানুষ উত্তেজিত হয়ে ওঠে। বেধে যায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ। জনতাকে ছত্রভঙ্গ করতে ফের কাঁদানে গ্যাস ছোড়া হয়। তাতেও পরিস্থিতি শান্ত না হলে শ্রীনগরের সাতটি থানা এলাকাতেই কারফিউ জারি করা হয়।
শাসক পিডিপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাট বলেন, জুনায়েদ বিক্ষোভকারীদের মধ্যে ছিল না। তবু কী করে তার মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত করা হবে। বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের নেতাদের অভিযোগ, সরকার অপদার্থ। বিক্ষোভকারীদের সামলানোর কোনো রাজনৈতিক ইচ্ছাই তারা দেখাতে পারছে না।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের পোস্টার বয়-খ্যাত স্থানীয় হিজবুল মুজাহিদীন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর গত জুলাই মাসের ৮ তারিখ থেকেই কাশ্মীর উপত্যকা অশান্ত। আহত ও নিহত ব্যক্তিদের অধিকাংশের শরীরেই পেলেটের আঘাত। এতে কয়েক মাসে কয়েক শ মানুষ দৃষ্টি হারিয়েছে। পেলেটের ছররা গুলি একটা থালার মতো গোল হয়ে এগিয়ে এসে আঘাত করে। এতে শরীরের সবচেয়ে নরম টিস্যুগুলো সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। যেমন চোখ।
এ নিয়ে হইচই হওয়ায় গত সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেন। কমিটি পেলেটের বিকল্প হিসেবে আরও অনেক কিছুর সঙ্গে ক্যাপসিকাম সেল, স্টান গ্রেনেড ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে তৈরি ‘পাভা’ শেলেরও সুপারিশ করেছিল। ঠিক হয়েছিল, পেলেট ছোড়া হবে একেবারে শেষ অবস্থায়, যখন আর কোনো বিকল্প থাকবে না।
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে গত এক সপ্তাহে কাশ্মীরের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে চার শ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ নিয়ে সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা প্রায় সাত হাজার। এ ছাড়া আরও দেড় হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।