শিয়া নেতার শিরশ্ছেদে বিভিন্ন দেশে বিক্ষোভ
শিয়া নেতা শেখ নিমর আল নিমরের শিরশ্ছেদ করার ঘোষণা আসার পর শিয়াপ্রধান দেশগুলোতে গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে। নিমরের জন্মস্থান সৌদি আরবের কাতিফ শহরে বিক্ষোভ হয়েছে। সেখানে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইরাক, লেবানন, বাহরাইন, ইরান, ইয়েমেন, পাকিস্তান ও ভারতের কাশ্মীরে বিক্ষোভ হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
আল নিমরের শিরশ্ছেদ করায় ইরান তেহরানে সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা মুকতাদা আল সদর এ ঘটনার প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোর শিয়া সম্প্রদায়কে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে সৌদি সরকার তার পতন ডেকে আনল।
আল নিমরের শিরশ্ছেদের ঘটনায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি দাঙ্গা বেধে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে।