শীতকালীন অধিবেশনও ভেস্তে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ও বর্ষাকালীন অধিবেশনের মতো ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনও কি ভেস্তে যাবে? এই সংশয় নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকে বিরোধীদের গঠনমূলক সহযোগিতার অনুরোধ জানান।
আশঙ্কার কারণ ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে দেশজোড়া বিতর্ক এবং সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে মতানৈক্য। বিরোধীরা ইতিমধ্যে অসহিষ্ণুতা প্রসঙ্গ সংসদে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস সাংসদেরা ৩০ নভেম্বর সংসদ ভবনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছেন। বাম, কংগ্রেস, জনতা দলসহ বেশ কয়েকটি দলের পক্ষ থেকে এই নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেওয়া হয়েছে।
বিজেপি সরকারের প্রধান লক্ষ্য এই অধিবেশনে জিএসটি বিল পাস করানো। কংগ্রেস আমলে যে বিলটি আনা হয়েছিল, বিজেপি আমলে তাতে বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। এ নিয়ে কংগ্রেস অনমনীয়। বাজেট অধিবেশন ভেস্তে গিয়েছিল জমি অধিগ্রহণ বিল নিয়ে। বর্ষাকালীন অধিবেশন ভেস্তে যায় ললিত মোদির কেলেঙ্কারি নিয়ে। জমি বিল এই অধিবেশনেও আসছে না বললেই হয়। সরকারও বিলটা আনতে আগের মতো আগ্রহী নয়। কাঁটা তাই শুধু জিএসটি ও অসহিষ্ণুতা।