শীতাতপ ব্যবস্থা চান না কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সরকারি বাসভবনে থাকা সব শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। উত্তর দিল্লির সিভিল লাইন এরিয়ার সরকারি বাসভবনে শিগগিরই উঠতে যাচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘তিনি (কেজরিওয়াল) তাঁর বাসভবন থেকে সব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন। এটি সত্যি কঠিন কাজ। এর মানে হলো আমাদের আবার পুরো বাড়ি নতুন করে নকশা করতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সরিয়ে ফেলার ফলে যে ফাঁকা জায়গার সৃষ্টি হবে, তা ঢাকতে নতুন করে জানালা বা অন্য কিছু তৈরি করতে হবে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা তাঁকে আবারও বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছি। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অনড় থাকলে আমাদের সেইমতো ব্যবস্থা নিতেই হবে।’
৫ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের ওই বাড়িতে দুটি লন, একটি ড্রয়িং, একটি ডাইনিং ও গৃহকর্মীদের জন্য দুটি কোয়ার্টার রয়েছে।

গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘মুখ্যমন্ত্রী আমাদের বাড়ির সংস্কারকাজে বেশি সময় বা অর্থ ব্যয় করতে নিষেধ করেছেন। এমনিক চুনকাম করতেও মানা করেছেন।’

এক বছর ধরে পরে থাকা বাড়িটির সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। মুখ্যমন্ত্রী চাইলে আগামী দু-তিন দিনের মধ্যে উঠতে পারবেন। একটি সূত্র জানিয়েছে, কেজরিয়াল তাঁর সচিবালয়েও শীতাতপ যন্ত্র ব্যবহার করেন না।