শীর্ষে দার্জিলিং চিড়িয়াখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (দার্জিলিং চিড়িয়াখানা) ২০১৪ সালের আর্থ হিরোজ অ্যাওয়ার্ড পেয়েছে। ভারতের কোনো চিড়িয়াখানা এই প্রথম এ পুরস্কার পেল।

বিশ্বের ৩০০ চিড়িয়াখানার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। ব্রিটিশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই পুরস্কার দিচ্ছে রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড।

দার্জিলিংয়ের এই চিড়িয়াখানার প্রতিষ্ঠা করা হয় ১৯৫৮ সালের ১৪ আগস্ট। চিড়িয়াখানাটি পাহাড়ের বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ এবং বংশবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে, বিরল গিরিগিটির মতো প্রাণীর বংশবিস্তার ও সংরক্ষণে রীতিমতো সাফল্য আছে চিড়িয়াখানাটির ঝুড়িতে। জীববৈচিত্র্য রক্ষায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

চিড়িয়াখানার অধিকর্তা অলংকার কুমার ঝা বলেছেন, ‘এটা আমাদের জন্য আনন্দ ও গর্বের খবর।’