শুক্রবার পর্যন্ত আসাম-মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি আগের মতোই আছে। খুব একটা উন্নতি হচ্ছে না। ভারতের আবহাওয়া অফিস গতকাল সোমবার এ অঞ্চলের সাতটি রাজ্যের জন্য নতুন করে বজ্রসহ বৃষ্টি, ঝড়, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মোট ১৩১ জন মারা গেছে বন্যায়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) গুয়াহাটি অফিস গতকাল সোমবার এ অঞ্চলের সাতটি রাজ্যের জন্য নতুন করে বৃষ্টির সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরার এলাকায় বজ্রসহ বৃষ্টি, ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে।
আসামসহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যের বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। বন্যায় এখন পর্যন্ত আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মোট ১৩১ জন মারা গেছে। গতকাল সোমবার শুধু আসামেই ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যাকবলিত রাজ্যগুলোকে সব ধরনের সাহায্য দেবে রাজ্য। আসামের ৩০ জেলায় অন্তত ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘালয়েরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাডের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।
আসাম ও মেঘালয় রাজ্যের পূর্বাভাসে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অরেঞ্জ (কমলা) সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা জারি হওয়া মানেই হলো, ক্ষতির আশঙ্কা রয়েছে, প্রস্তুত থাকতে হবে। খুব ভারী বৃষ্টির আশঙ্কা (২৪ ঘণ্টায় ১১৫.৫-২০৪. ৫ মিলিমিটার) করা হচ্ছে।