শুক্রবার প্রকাশ্যে আসছেন আত্মগোপনকারী বিমল গুরুং!
দার্জিলিংয়ের আত্মগোপনকারী জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং শুক্রবার প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা ঘিরে তাঁর সমর্থকেরা পোস্টারও লাগিয়েছে বিভিন্ন জায়গায়। এর আগে গত ৩০ অক্টোবর ও পরবর্তী সময়ে ৪ নভেম্বর প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েও আসেননি গুরুং। এবার তৃতীয়বারের মতো ঘোষণা দিলেন তিনি।
আত্মগোপনকারী জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে ধরার জন্য সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু নাগালে পাচ্ছে না। তবে বিমল গুরুংও এখন শান্তিতে নেই। দলের ভেতর এবং দলত্যাগী নেতাদের চাপে এখন কোণঠাসা হয়ে পড়েছেন বিমল গুরুং। তাঁর অস্তিত্বও এখন বিপন্ন হতে চলেছে। তাঁর দলের বহু নেতা ইতিমধ্যে চলে গেছে দলের বিদ্রোহী নেতা বিনয় তামাংয়ের দলে। আর বিনয় তামাংকে সহযোগিতা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে করে একদিকে যেমন খর্ব হচ্ছে বিমল গুরুংয়ের অস্তিত্ব, ঠিক তেমনি অন্যদিকে শক্তি সঞ্চার করছেন বিনয় তামাংরা। এসবের মধ্যে নিজের অস্তিত্ব জাহির করার জন্য বিমল গুরুং ফের ১০ নভেম্বর প্রকাশ্যে আসবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত ১২ অক্টোবর বিমল গুরুং তাঁর গোপন ডেরা থেকে প্রথম এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, তিনি ৩০ অক্টোবর জনগণের ডাকে প্রকাশ্যে আসবেন। এরপর ফের এক অডিও বার্তায় গত ১৭ অক্টোবর বিমল গুরুং জানান, ৩০ অক্টোবরই তিনি জনসমক্ষে আসবেন। কিন্তু আসেননি। পরবর্তীকালে ৪ নভেম্বর আসবেন বলে ঘোষণা দিলেও ওই দিনও তিনি জনসমক্ষে আসেননি। তখন তিনি বলেছিলেন, রাজ্য সরকার তাঁকে খুন করার চেষ্টা করছে। তিনি যেন বাইরে আসতে না পারেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আত্মসমর্পণকারী কেএলও জঙ্গিদের দিয়ে আমাকে খুন করানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।’
গত ১২ জুন থেকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে জনমুক্তি মোর্চা অনির্দিষ্টকালের বন্ধ্ শুরু করে। এই বন্ধ্কে ঘিরে পাহাড়ে অশান্তি ছড়ায়। শুরু হয় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, অফিস-আদালতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ। এতে করে প্রাণ যায় বেশ কয়েকজনের। এসব ঘটনায় জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলার জেরে আত্মগোপন করেন বিমল গুরুং, দলের সাধারণ সম্পাদক রোশন গিরিসহ আরও অনেকে।
বিমল গুরুংয়ের আত্মগোপনের জেরে দলের অন্যতম নেতা বিনয় তামাং হাল ধরেন দলের। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঐক্য করে পাহাড়ে শান্তি ফেরাতে উদ্যোগী হন। ঘোষণা দেন বন্ধ্ প্রত্যাহারের। এতে তেমন সাড়া না মেলায় দলের রাশ টানতে বিমল গুরুং গত ২৭ সেপ্টেম্বর ১০৭ দিন একটানা বন্ধের ইতি টানেন বন্ধ্ প্রত্যাহারের ঘোষণা দিয়ে। পাহাড়ে শান্তি ফিরতে শুরু করে। মমতা বিনয় তামাংকে জিটিএর চেয়ারম্যানও করেন। ফলে জনমুক্তি মোর্চা কার্যত দুই ভাগ হয়ে যায়।