
নিজেকে শুধু বিজেপির নয়, বরং গোটা দেশের নেতা বলেই আখ্যায়িত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সম্প্রতি ভারতবিরোধী স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতাদের অভিযোগের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে জেএনইউয়ের ঘটনার তদন্তভার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেওয়ার এক আবেদন গতকাল খারিজ করে দিয়েছেন দিল্লির হাইকোর্ট। খবর রয়টার্স, এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
জেএনইউয়ের ঘটনায় ভারতের বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছিল। আসন্ন বাজেট অধিবেশনের আগে দৃশ্যত এ নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। তাই গতকাল মঙ্গলবার সকালে ডাকেন সর্বদলীয় বৈঠক। বৈঠকে নিজেকে জাতীয় নেতা আখ্যা দিয়ে মূলত বিরোধীদের আশ্বস্ত করতে চেয়েছেন তিনি। আগামী সপ্তাহেই শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন যাতে নির্বিঘ্নে চলতে পারে, সে জন্য বিরোধীদের সহযোগিতাও চান মোদি।
বাজেট অধিবেশন জেএনইউয়ের ঘটনায় ভন্ডুল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষমতাসীন বিজেপি এ নিয়ে উদ্বিগ্ন। এ অধিবেশনে বিজেপি সরকারের প্রধান এজেন্ডা, জাতীয় পণ্য ও সেবা খাতের কর (জিএসটি) ব্যবস্থা সংস্কারে বিরোধীদের সমর্থন আদায়। লোকসভায় প্রস্তাবের পক্ষে সায় মিললেও উচ্চকক্ষ রাজ্যসভায় তা আটকে আছে।
৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে এক অনুষ্ঠানে কিছুসংখ্যক ছাত্রের ভারতবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তাপ ক্যাম্পাস ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতির মাঠে। এমনকি আদালত প্রাঙ্গণেও ঘটেছে উত্তেজনার ঘটনা। স্লোগানের ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গত সোমবার দিল্লির একটি আদালতে হাজির করা হয়। সেখানে তাঁর মুক্তির দাবিতে সমবেত হওয়া শিক্ষক-শিক্ষার্থী ও সরকারপক্ষের আইনজীবীদের মধ্যে সংঘর্ষ বাধে। কানহাইয়ার মুক্তি চেয়ে সেদিন থেকেই জেএনইউতে শুরু হয় ছাত্র ধর্মঘট। চলছে ব্যাপক বিক্ষোভ।
সর্বদলীয় বৈঠক সূত্রে জানা গেছে, এতে সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী মোদির বিবৃতি দাবি করেন উপস্থিত বিরোধীদলীয় নেতারা। সরকারের তরফে বলা হয়, এ বিষয়ে তাদের আপত্তি নেই। এ সময়ই মোদি স্মরণ করিয়ে দেন, তিনি পুরো দেশের নেতা; কেবল একটা রাজনৈতিক দলেরই নেতা নন।
বিরোধী দলগুলো প্রায়ই প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এ অভিযোগ তুলে থাকে যে তিনি আসলে ‘বিজেপি ও সংঘ পরিবারের’ প্রধানমন্ত্রী। দলের স্বার্থ দেখতেই ব্যস্ত থাকেন। জেএনইউ ঘটনাতেও তাঁর ভূমিকা নীরব দর্শকের। এসব অভিযোগ খণ্ডন করতেই ওই মন্তব্য করেন তিনি। তবে কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ বৈঠকের পর বলেন, প্রধানমন্ত্রীর এই মন্তব্যে কোনো নতুনত্ব নেই।
কয়েক দিন ধরেই বিরোধীরা অভিযোগ করে আসছে, জেএনইউয়ের ঘটনায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, প্রকৃতপক্ষে সেগুলো ভিন্নমত দমনে তার ‘প্রতিশ্রুতিরই’ সাম্প্রতিকতম লক্ষণ। গতকালের বৈঠকে সরকারের তরফে বলা হয়, বিরোধী দলগুলোরও সংযত হওয়ার প্রয়োজন রয়েছে। জেএনইউয়ে দেশবিরোধী স্লোগান দেওয়ার ঘটনার পাশে তাদের দাঁড়ানোটা গণতন্ত্রের জন্য খারাপ। বৈঠকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আরজেডি, জেডিইউসহ অন্যান্য বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন।
জেএনইউয়ের ঘটনার তদন্ত জাতীয় তদন্ত সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্ট বলেছেন, এ রকম পরিস্থিতি এখনো হয়নি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার কানহাইয়া কুমারের মামলার তদন্ত করছে দিল্লি পুলিশ।
এবার শিক্ষক গ্রেপ্তার: বিবিসি বাংলা জানায়, রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) সাবেক প্রভাষক এস এ আর গিলানিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এস এ আর গিলানি নামে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ভারতবিরোধী স্লোগান’ দেওয়া হয় এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বলা হচ্ছে, গত ১০ ফেব্রুয়ারি দিল্লি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা আফজাল গুরুর নামে ‘প্রশংসাসূচক স্লোগান’ দেওয়া হয়। সে সময় গিলানি অন্য আরও তিনজনের সঙ্গে মঞ্চে বসা ছিলেন।