শুরু হয়েছে কলকাতা সাহিত্য উৎসব ২০১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার থেকে কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কলকাতা অষ্টম সাহিত্য উৎসব ২০১৭। কলকাতার সেন্টপলস ক্যাথিড্রাল চত্বরে আজ রোববার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, সাংসদ শশী থারুর। চার দিনের এই উৎসব চলবে কলকাতার সেন্ট জেমস চার্চ চত্বর এবং অক্সফোর্ড বুকস্টোরে।

এই উৎসবের আয়োজক কলকাতার অক্সফোর্ড বুক স্টোরস ও এপিজে সুরেন্দ্র গ্রুপ। উৎসবে রয়েছে সাহিত্য নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগ দিচ্ছেন কলকাতাসহ ভারতের বিশিষ্ট সাহিত্যিকেরা। উৎসব শেষ হবে ১৮ জানুয়ারি।

সাহিত্য উৎসবে যোগ দেবেন সাহিত্যিক শোভা দে, নবনীতা দেব সেন, পরিচালক সন্দীপ রায়, রূপালি বসু প্রমুখ। উৎসবে বব ডিলানের নোবেল প্রাপ্তিকে সামনে রেখে আজ রোববার আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠানের। কবিতা ও গানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয় বব ডিলানকে। এদিন উপস্থিত ছিলেন ব্রিটিশ কবি বাসবী ফ্রেজার।

এ ছাড়া উৎসবে সোমবার দেখানো হবে প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ওপর তৈরি একটি তথ্যচিত্র। রয়েছে মহাশ্বেতা দেবীর স্মরণে বিশেষ অনুষ্ঠান। শিশুদের নিয়েও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।