শুরুতেই বেসুর কাশ্মীর সরকারে

ক্ষমতায় আসার তাগিদ একসময়ের যুযুধান দুই দল পিডিপি ও বিজেপিকে একজোট হয়ে জম্মু-কাশ্মীরে সরকার গঠনে সাহায্য করেছে। কিন্তু সরকারের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল বিতর্ক। কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ পাকিস্তান ও হুরিয়াতকে কৃতিত্ব দেওয়ার পরদিনই তাঁর দল পিডিপির পক্ষ থেকে আফজাল গুরুর মরদেহ রাজ্যে নিয়ে আসার দাবি জানানো হলো। ২০০১ সালে ভারতের সংসদ ভবনে সশস্ত্র হামলা চালানোর মূল চক্রী আফজাল গুরুকে দিল্লিতে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়েছিল।
গত রোববার জম্মুতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই মুফতি সাঈদ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সকে কৃতিত্ব দিয়েছিলেন। গতকাল সোমবার থেকে তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। গতকাল লোকসভায় কংগ্রেস থেকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি ওঠে। একে একে অন্যরাও বিস্ময় প্রকাশ করে বলেন, মুফতি সাঈদ বিষয়টি প্রধানমন্ত্রীকেও বলেছিলেন বলে জানিয়েছেন যখন, তখন প্রধানমন্ত্রী কী বলেছিলেন তা জানা প্রয়োজন। প্রবল বিরোধিতার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, তাঁদের সরকার এবং বিজেপি মুফতি সাঈদের মন্তব্যের সঙ্গে একমত নয়। তাঁরা মনে করেন, শান্তিপূর্ণ নির্বাচনের পূর্ণ কৃতিত্ব রাজ্যের মানুষের, নিরাপত্তা বাহিনী ও নির্বাচন কমিশনের। রাজনাথ আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এ নিয়ে কথাও হয়েছে। তিনি বলেছেন, শপথ গ্রহণের দিন মুফতি সাঈদ এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো কথা বলেননি। রাজনাথ সিংয়ের বক্তব্যে অসন্তুষ্ট কংগ্রেসসহ বিরোধীরা ওয়াকআউট করেন।
গতকাল মুফতি-বিতর্ক চলাকালীনই দ্বিতীয় বিতর্কের উৎপত্তি। জম্মুতে পিডিপি বিধায়কদের একাংশ আফজাল গুরুর মরদেহ হস্তান্তরের দাবি জানিয়ে বলেন, গুরুর ফাঁসি সংবিধানবিরোধী এবং বিচারব্যবস্থার এক পরিহাস। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ফাঁসির পরে তিহার জেলেই গুরুকে কবর দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মুফতি সাঈদ এবং তাঁর কন্যা মেহবুবা মুফতি অবশ্য এই বিতর্কে অবিচল। মুখ্যমন্ত্রী গতকাল বলেন, তিনি যা বলেছেন তা প্রত্যাহার করার কোনো প্রশ্নই নেই। পাকিস্তান বা হুরিয়াত অতীতে সব সময়েই কাশ্মীরে নির্বাচন বানচালের চেষ্টা করে এসেছে। এবার করেনি, কারণ, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে তারা অনুধাবন করেছে।
মেহবুবা মুফতি বলেন, তাঁর বাবা পাকিস্তান ও হুরিয়াত প্রসঙ্গ তুলে কোনোভাবেই জম্মু-কাশ্মীরের মানুষের ভূমিকাকে ছোট করেননি।
মন্তব্য ও ব্যাখ্যা যা-ই হোক, ক্ষমতা লাভের প্রথম দুই দিনে দুটি মন্তব্য ও দাবি জোট সরকারের স্থিতিশীলতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই প্রশ্ন তুলে বলেছেন, বাপ-মেয়ে কি বিজেপিকে বাধ্য করছেন জোট ভেঙে দিতে? তাঁরা কি বুঝতে পারছেন এই জোট গঠনটাই ভুল হয়েছিল?
কংগ্রেসের সাবেক মন্ত্রী শশী থারুরও জোটের এ ‘ভঙ্গুর’ চরিত্রের উল্লেখ করে বলেন, রাজনাথ সিংয়ের বিবৃতি শুনে মনে হচ্ছে, মধুচন্দ্রিমা বেশি দিনের নয়।