শেষ মুহূর্তে জমজমাট কলকাতার ঈদের বাজার

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ। তাই কলকাতাজুড়ে মুসলিম সম্প্রদায়ের লোকজন এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। বিশেষ করে জমে উঠেছে গরু, ছাগল ও মসলার বাজার। পিছিয়ে নেই অন্য বাজারগুলোও। চলছে নতুন জামাকাপড় বেচাকেনা।
কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট ও আশপাশের বাজারে এখন পা দেওয়ার জো নেই। সবাই চাইছে শেষ দিনে নিজের পছন্দের জিনিসপত্র কিনে নিতে। দোকানিরাও নতুন পোশাক ও নানা পণ্য সাজিয়ে নিয়ে বসেছেন।

শুধু মুসলিম এলাকাতেই এই ভিড় নয়, কলকাতার অন্যত্রও একই চিত্র। পার্ক স্ট্রিট, রাজাবাজার, চিৎপুর, মেটিয়াবুরুজ, খিদিরপুর, বেলগাছিয়া, ধর্মতলার বাজারের ভিড় ছেড়ে অনেকে হাজির হচ্ছেন গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিং মলে।

মুসলিম এলাকা হিসেবে পরিচিত পার্ক সার্কাস, মল্লিকবাজার, খিদিরপুর, রাজাবাজার ও বেলগাছিয়া এলাকায় ঈদ উপলক্ষে রাস্তায় বিশাল বিশাল তোরণ বানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হচ্ছে। কলকাতার নিউ টাউন, কৈখালী ও রাজারহাটের বড় বড় সড়কে ঈদকে স্বাগত জানিয়ে বিরাট তোরণ নির্মাণ করা হয়েছে। ঈদের দিন এখানে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চলবে তিন দিন।
কলকাতার নামী ও ঐতিহ্যবাহী মসজিদ চিৎপুরের নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদ চত্বর ঘিরে এখন ঈদের বাজার প্রতিবারের মতো এবারও জমজমাট। সব দোকানেই উপচেপড়া ভিড়। মসজিদের আশপাশে টুপি-আতর থেকে নানা ধরনের সেমাইসহ নানা খাদ্যসামগ্রীর দোকান। একই চেহারা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার টিপু সুলতান মসজিদ এলাকাতেও।

নাখোদা মসজিদ চত্বরের এক টুপি বিক্রেতা বললেন, মোটামুটি ভালোই বিক্রি চলছে। তবে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ একটু হতাশ হলেও নতুন টুপি পরে ঈদের নামাজ আদায়ে আগ্রহের কমতি নেই।
ঈদ সামনে রেখে বিভিন্ন কোম্পানি বাজারে ছেড়েছে নানা পণ্য। বিভিন্ন নামী কোম্পানি ঈদ উপলক্ষে দিয়েছে বিশেষ ছাড়।

