শৌচাগার না থাকায় ২০০ ছাত্রীর স্কুলত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ড রাজ্যে একটি সরকারি আবাসিক স্কুলে পর্যাপ্ত শৌচাগার না থাকায় সেখানকার দুই শতাধিক ছাত্রী তাদের পড়াশোনার পাট চুকিয়ে বাড়ি চলে গেছে।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের সেরাইকেলা-খরস্বান জেলার ইচাগড়ে কস্তুরবা গান্ধী অয়াসিয়া স্কুলে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, স্কুলটিতে মাত্র পাঁচটি শৌচাগার। সেখানে আবাসিক ছাত্রী রয়েছে ২২০ জন। এ কারণে ওই স্কুলের ছাত্রীরা পাশের মাঠে প্রাকৃতিক কাজ সারতে বাধ্য হচ্ছিল। এই সুযোগে স্থানীয় ছেলেরা ওই মেয়েদের হয়রানি করত।
ছাত্রীদের হয়রানির শিকার হওয়ার ব্যাপারে সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপর পুলিশ টহল জোরদার করে।
ছাত্রীদের অভিযোগের পর স্থানীয় লোকজন ও অভিভাবকেরা গত সোমবার একটি বৈঠক করেন। ছাত্রীদের প্রত্যাহার করে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার নাগাদ দুই শতাধিক ছাত্রী স্কুল ছেড়ে বাড়ি চলে যায়।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। স্কুলে শৌচাগার সংকট এবং ছাত্রীদের চলে যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকার বিষয়টি এখনই মানতে নারাজ জেলা কর্তৃপক্ষ। তারা বলছে, তদন্ত প্রতিবেদন জমা পড়লে কারণ জানা যাবে।