শৌচাগারে তাঁর এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হরিয়ানায় এই নারীকে এক বছর ধরে বাড়ির শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে
ছবিটি টুইটার থেকে নেওয়া

ভারতের হরিয়ানা রাজ্যে এক নারীকে এক বছর ধরে বাড়ির শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে। রিশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ওই নারীর স্বামী তাঁকে শৌচাগারে এক বছর ধরে আটকে রেখেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটির নারী সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ দপ্তরের একটি দল অভিযান চালিয়ে গতকাল বুধবার ওই নারীকে উদ্ধার করে। দলটির প্রধান রজনী গুপ্ত জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। রজনী বলেন, ‘আমি তথ্য পেয়েছিলাম যে এক নারীকে প্রায় এক বছর ধরে শৌচাগারে আটকে রাখা হয়েছে। আমি নিজের দলকে নিয়ে সেখানে যাই এবং ঘটনার সত্যতা পাওয়া যায়। যত দূর মনে হচ্ছে, তিনি অনেক দিন ধরে কিছু খেতে পাননি।’

রজনী গুপ্ত আরও বলেন, ‘বলা হচ্ছে যে ওই নারী মানসিকভাবে সুস্থ নন। কিন্তু এটি সত্য নয়। আমরা তাঁর সঙ্গে কথা বলেছি এবং আমাদের মনে হচ্ছে, তাঁর মানসিক কোনো সমস্যা নেই। যদিও এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তিনি শৌচাগারে বন্দী ছিলেন। আমরা তাঁকে উদ্ধার করেছি এবং তাঁর চুল ধুয়ে দিয়েছি। পুলিশে অভিযোগ দিয়েছি আমরা। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।’

ঘটনার শিকার নারীর স্বামী নরেশের দাবি, তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তিনি বলেন, ‘সে মানসিকভাবে ভারসাম্যহীন। আমরা তাকে বাইরে বসতে বলেছিলাম, কিন্তু সে সেখানে থাকতে চায়নি। তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি।’

এদিকে এ ঘটনায় পুলিশ একটি অভিযোগ নথিবদ্ধ করেছে। এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘রজনী গুপ্ত গ্রামে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। আমরা একটি অভিযোগ নথিবদ্ধ করেছি এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বলা হচ্ছে, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন। চিকিৎসকের পরামর্শ মোতাবেক বাকি ব্যবস্থা নেওয়া হবে।’