শ্রীনগরে উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে লোকসভা আসনের উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র ৭ শতাংশ। গত রোববার সহিংস পরিস্থিতির মধ্যে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল ঘোষণা করা হবে, নাকি তা বাতিল করা হবে, তা নিয়েই এখন ভাবতে হচ্ছে নির্বাচন কমিশনকে।
শ্রীনগরের লোকসভা উপনির্বাচনে প্রার্থীদের অন্যতম ছিলেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ফারুক আবদুল্লাহ। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছিল কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ভাই ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তাসাদুক মুফতিকে। কিন্তু নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে, তা গত ২৭ বছরের মধ্যে সবচেয়ে কম। বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচন বয়কটের ঘোষণাই কম ভোটের কারণ বলে মনে করছেন অনেকে।
উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতায় রোববার আট ব্যক্তির মৃত্যু হয়। সবচেয়ে বড় সংঘাতের ঘটনাটি ঘটে শ্রীনগরের কাছে বাদগাম জেলায়। রাজ্য পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনী বলেছে, সহিংসতায় তাদের প্রায় এক শ সদস্য আহত হন।