শ্রীনগরে বিক্ষোভ ঠেকাতে কঠোর বিধিনিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরের একাংশে গতকাল শনিবার কারফিউয়ের মতো কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধের প্রতিবাদে গতকালই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রাজ্যে হরতাল ডাকে।
এদিকে হরিয়ানা রাজ্যে গত শুক্রবার থেকে নয় দিন ও ছত্তিশগড় রাজ্যে সাত দিনের জন্য মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। খবর এনডিটিভির।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শহরের কেন্দ্রস্থলের পাঁচটি থানা এলাকায় মূলত গতকাল কারফিউয়ের মতো বিধিনিষেধ আরোপ করা হয়। সরকারি কর্তৃপক্ষ বলছে, শুক্রবার বিকেলে হওয়া বড় ধরনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওই কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছুসংখ্যক লোক গরু জবাই করেছিল।
এদিকে হরিয়ানা রাজ্যে জৈন সম্প্রদায়ের উৎসবের কথা উল্লেখ করে শুক্রবার থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি শাসিত পাঁচটি রাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো।